পটুয়াখালীতে ইন্টারনেট উৎসবের মঞ্চে ইন্টারনেট জিনিয়াসের (আই-জিনিয়াস) শেষ ধাপের প্রতিযোগিতা চলছে। দেখা গেল, মাসুদ পারভেজ রিমন, মো, সোহেল ও শিহাব—তিনজনের স্কোরই সমান। এর মধ্যে মাসুদ পারভেজ রিমন পটুয়াখালী সরকারি কলেজের এবং অন্য দুজন পটুয়াখালী জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সঞ্চালক ঘোষণা করলেন, তিনজনের মধ্যে ট্রাইবেকার প্রশ্ন করা হবে। মুহূর্তের মধ্যে উৎসবস্থলে পিনপতন নীরবতা নেমে আসে। সবার দৃষ্টি মঞ্চের দিকে। কে হচ্ছে আই-জিনিয়াস। সঞ্চালক তিন প্রতিযোগীর দৃষ্টি আকর্ষণ করে বললেন, ‘সবাই প্রস্তুত?...প্রশ্ন: দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটের ঠিকানা কী?’ প্রতিযোগী তিনজনই মোবাইল ফোনের বোতামে আঙুল চালাচ্ছে দ্রুত। মুহূর্তের মধ্যে মাসুদ পারভেজ রিমন হাত তুলল। মোবাইল ফোনের মনিটর দেখে জবাব দিল, ‘www.prothom-alo.com’| সঞ্চলকের ঘোষণা, ‘উত্তর সঠিক হয়েছে। মাসুদ পারভেজ রিমন হচ্ছে পটুয়াখালীর আই-জিনিয়াস।’ এ ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো উৎসবস্থল হাততালিতে মুখরিত হয়ে উঠে। আনন্দ-উল্লাসে ফেটে পড়ে রিমনের সহপাঠীরা। ইন্টারনেট উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘ইন্টারনেট জিনিয়াস’ প্রতিযোগিতা ছিল এমনই উত্তেজনা ও আনন্দ-উচ্ছ্বাসে পূর্ণ। গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে পটুয়াখালীতে ইন্টারনেট উৎসব বসেছিল ৮ অক্টোবর। শহরের পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ উৎসবে ওই বিদ্যালয় ছাড়াও সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এ কে এম কলেজ পটুয়াখালী, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।—শংকর দাস