কয়েকদিন আগেও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি উপকরণ ছিল চেয়ারম্যানের বাড়িতেই। তা-ও আবার ব্যক্তিগত জিম্মায়। একই চিত্র ছিল সাদেকপুর ইউনিয়নেও। বাকি পাঁচটির মধ্যে তিনটি ছিল উদ্যোক্তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানে। এখন সেই চিত্রটি বদলে গেছে। চেয়ারম্যানদের বাড়িতে রাখা উপকরণ এসেছে নির্ধারিত কেন্দ্রে। সেবার মান বাড়াতে প্রতিটি কেন্দ্রের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ফটোকপিয়ার ও একটি করে ল্যাপটপ। এদিকে মুখ থুবড়ে পড়া জেলার ১১০টি ইউআইএসসির সর্বশেষ অবস্থা জানতে আজ শনিবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খানের কিশোরগঞ্জ আসার কথা রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান গত বৃহস্পতিবার সকালে ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেন। ভৈরবের সব কটি ইউআইএসসির ইতিবাচক পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘নানা কারণে কয়েকটি কেন্দ্রে সমস্যা ছিল। মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালকের নজরে এসেছে। সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের নিয়ে সভা করেছি। গুরুত্ব বোঝানোর পর তাঁদের মধ্যে আগ্রহ বেড়েছে।’গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকদিন আগেও অধিকাংশ কেন্দ্রে সাইনবোর্ড ছিল না। এখন প্রতিটি কেন্দ্রের বাইরে সাইনবোর্ড লাগানো হয়েছে। কক্ষের ভেতরে দেওয়া হয়েছে সেবার তালিকাসংবলিত ব্যানার। গেল দুই দিনে কেন্দ্রগুলোর আয়ও বেড়েছে। তবে কিশোরগঞ্জ জেলার ১১০টি সেবাকেন্দ্রের মধ্যে ১০৩টির সার্বিক চিত্র আগের মতোই নাজুক। দু-একটি ছাড়া অধিকাংশ কেন্দ্রে সেবা চালু তো দূরের কথা, অস্তিত্বই নেই। ফলে সমন্বিত হিসাবে ৬৪ জেলার মধ্যে কিশোরগঞ্জ জেলার অবস্থান ৬১তম। —সুমন মোল্লা, ভৈরব (কিশোরগঞ্জ)