অবসরে যাচ্ছেন ইন্টেল প্রধান
বিশ্বের শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী পল ওতেলিনি অবসরে যাচ্ছেন। সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায় ইন্টেল কর্তৃপক্ষ। আগামী বছরের মে মাসে ইন্টেলের বার্ষিক সম্মেলন শেষে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ইন্টেলের সঙ্গে জড়িত পল ইন্টেলের প্রধান নির্বাহী হিসেবেই কাজ করছেন আট বছর ধরে। প্রতিষ্ঠার পর ইন্টেলের ৪৫ বছরের ইতিহাসে পল ওতেলিনি পঞ্চম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর কার্যকালে ইন্টেল দারুণ কিছু উদ্ভাবন নিয়ে এসেছে। নিজের অবসরে যাওয়ার বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ও সুন্দর একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছে।’ বিষয়টিকে দারুণ উল্লেখ করে তিনি আরও বলেন, ইন্টেলের সঙ্গে ৪০ বছর থাকা এবং আট বছর ধরে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে এখন মনে হয়েছে, সময় হয়েছে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার। পরবর্তী প্রধান নির্বাহী কে হচ্ছেন, সে বিষয়ে কিছু জানায়নি ইন্টেল। —বিবিসি