
অবিনাশ ছিল ক্লাসের সর্বজ্যেষ্ঠ ছাত্রের নাম। স্কুলের খাতায় শ্রী অবিনাশ চন্দ্র মণ্ডল। শরীরে-স্বাস্থ্যে সবল অবিনাশ মণ্ডল বেশ কয়েকবার ফেল করে আমাদের সহপাঠী হলো। এতে তার কোন আক্ষেপ নেই। ক্লাসে একমাত্র আমার সঙ্গেই তার সখ্য ছিল।
সেই অবিনাশ মণ্ডল একাত্তরের মার্চ মাসে হুট করে বিয়ে করে ফেলল। এক সপ্তাহ ধরে সে ক্লাসে অনুপস্থিত। পরের সপ্তাহে যথারীতি বই-খাতা নিয়ে অবিনাশ ক্লাসে হাজির। টিফিন পিরিয়ডে আমাকে ডেকে নিয়ে বলল, ‘স্কুল ছুটির পর তুই আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবি।’ আমি মৃদু আপত্তি করতে যাচ্ছিলাম। কিন্তু অবিনাশ নাছোড়বান্দা। তার আগেই সে আমার হাত চেপে ধরে। আমি রাজি হলাম।
বাড়িতে ঢুকেই অবিনাশ হইচই শুরু করে দিল। অবিনাশ চিৎকার করে ‘অঞ্জলী অঞ্জলী’ বলে ডাকছিল। আমি ধারণা করলাম, অবিনাশের স্ত্রীর নাম অঞ্জলী। মাথায় একহাত ঘোমটা টেনে জড়সড় এক নারী ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন।
অবিনাশ হো হো করে হেসে বলল, ‘আরে ঘোমটার আড়াল থেকে দেখছ কী? এ আমার বন্ধু, আমাদের ক্লাসের ফার্স্টবয়। ওকে ভেতরে নিয়ে যাও। নাড়ু-মুড়ির আয়োজন করো।’ আমার হাত ধরে বলল, আয় ভেতরে আয়।
অবিনাশের ঘরটি মন্দ নয়। বিছানা-বালিশ পরিপাটি করে গোছানো। অবিনাশের পড়ার টেবিলের বই-খাতা গোছগাছ করে রাখা হয়েছে। অবিনাশের স্ত্রী সামান্য দূরে খাটের পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ অবিনাশ স্ত্রীর মাথার ঘোমটা টেনে খুলে দিল। আমি অবাক বিস্ময়ে এক রূপবতী নারীকে দেখে চমকে উঠলাম। অবিনাশের স্ত্রী এত সুন্দর!
উচ্ছ্বসিত অবিনাশ বলল, ‘কিরে, তোর বউদি দেখতে কেমন? তোর পছন্দ হয়েছে? বুঝলি অপু, তোর বউদি বিয়ের দিন আমাকে একটা উপহার দিয়েছে। সেটি হচ্ছে এই হাতঘড়িটা।’
অবিনাশের হাতে একটি আনকোরা নতুন ঘড়ি। সোনালি রঙের ঘড়িটা চকচক করছিল। বোঝা গেল, ঘড়িটা অবিনাশের খুবই পছন্দ হয়েছে।
বউদিকে আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিই। অবিনাশ অনেকখানি পথ আমার সঙ্গে আসে। চৌরাস্তায় শিমুল আর পলাশ ফুলে ফুলে আগুন লাগিয়ে দিয়েছে। অবিনাশ আমার হাত টেনে ধরে। হঠাৎ অন্য রকম গলায় বলে ওঠে, ‘দেখ শিমুল আর পলাশ থেকে রক্ত ঝরছে। দেখিস পুরো দেশটায় আগুন লেগে যাবে। ’
আমার মনে হলো, এ অবিনাশকে আমি চিনি না।
এল ২৫ মার্চ, ১৯৭১ সাল। কালরাত্রি। এরপর একদিন অবিনাশ ১০-১২ জন যুবককে নিয়ে আমাদের বাড়িতে হাজির। অবিনাশের কণ্ঠে অস্থিরতা। সে বলে, ‘শোন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা প্রতিরোধ গড়ে তুলব।’ আমি আবেগ-উত্তেজনায় কাঁপছিলাম। অবিনাশের হাত চেপে ধরে বললাম, আমিও যাব।
অবিনাশ আমাকে থামিয়ে দিয়ে বলল, ‘এখন না। সময় হলে আমি তোকে নিয়ে যাব। তোরা সাবধানে থাকিস। তোর বউদির খোঁজ রাখিস।’
জুন ১৯৭১। অঞ্জলী বউদি আর অবিনাশের মাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায় বউদির মাসির বাড়িতে। বউদি বুঝিয়ে-সুঝিয়ে কান্নাকাটি করেও অবিনাশকে সঙ্গে নিতে পারল না। আমিও অবিনাশকে অনুরোধ করেছিলাম বউদির সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সে রাজি হয়নি।
জুলাই ১৯৭১। মধ্যরাতে আমার দরজায় করাঘাত। চাপা কণ্ঠে কেউ একজন আমার নাম ধরে ডাকে। আমি বুঝতে পারি অবিনাশ। ধড়ফড় করে উঠে দ্রুত দরজা খুলে দিই।
অবিনাশ বলে, ‘অপু শোন, আমার হাতে সময় বেশি নেই। আমরা ভারতে যাচ্ছি।’
আমার মনটা খুশিতে ভরে ওঠে। তাহলে অবিনাশ অবশেষে অঞ্জলী বউদির কাছেই যাচ্ছে। কিন্তু আমাকে অবাক করে অবিনাশ বলে, ‘আমি কলকাতায় যাচ্ছি না। আমি যাচ্ছি, আগরতলা। আখাউড়া সীমান্ত পার হয়ে যাব ট্রেনিং ক্যাম্পে...।’ অবিনাশ থামে। লম্বা করে শ্বাস নেয়। তার চোখ দুটো মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে। সে আমার কাছে সরে আসে। পকেটে হাত দিয়ে সেই সোনালি ঘড়িটি বের করে। বলে, ‘তুই তো জানিস এ ঘড়িটি আমার কত প্রিয়। পুরোনো হবে বলে সব সময় হাতে পরি না। এটি তোর বউদির ভালোবাসার স্মৃতি। আমি ঘড়িটি তোর কাছে রেখে যাচ্ছি। কোনো একদিন আমি ফিরে আসব। আমি না আসা পর্যন্ত ঘড়ির কাঁটা বন্ধ থাকবে। আমি এসে দুই বন্ধু মিলে স্বাধীন বাংলাদেশে ঘড়ির কাঁটা চালু করব।’ আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে অবিনাশ বের হয়ে যায়।
অবিনাশ ফেরেনি। ৪২ বছর অবিনাশের ঘড়িটি বন্ধ হয়ে আছে। কোনো এক স্বর্ণোজ্জ্বল দিনে হয়তো অবিনাশ ফিরে আসবে। বন্ধ ঘড়িটি চলতে শুরু করবে আবার।
বজলুল হক বিশ্বাস, মিরপুর, ঢাকা