অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম
আজকের আবহাওয়া কেমন? আকাশ কী বলছে, মেঘ না বৃষ্টি? তাপমাত্রা কত? এ রকম নানা ধরনের প্রশ্নের সমাধান এখন নকিয়ার মোবাইল ফোন সেটেই পাওয়া যাবে। গতকাল বুধবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে নকিয়া মোবাইল ফোন সেটে আবহাওয়ার পূর্বাভাসসহ আরও দুটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে নকিয়া বাংলাদেশ। নকিয়ার অনলাইন দোকান অভি স্টোর থেকে এখন থেকে আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও বোর্ড পরীক্ষার ফলাফল ও শেয়ারবাজারের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। এসবের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম ছাড়া হয়েছে অভি স্টোরে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন, নকিয়া ফোন সেটের মাধ্যমে আবহাওয়ার তথ্য পাওয়ার সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এ ছাড়া মোবাইল ফোন সেটের মাধ্যমে মানুষের দরকারি দিকগুলোর দিকে নজর দিতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নকিয়া এমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান। তিনি বলেন, ক্রমেই মোবাইল ফোন সেটের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একটি প্রতিষ্ঠিত শিল্পে পরিণত হচ্ছে। বাংলাদেশে নকিয়া ফোনের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করছেন এ দেশেরই তরুণেরা।নতুন তিনটি প্রোগ্রামের নানা দিক নিয়ে কথা বলেন এগুলোর মাল্টিমিডিয়া কনট্যান্ট অ্যান্ড কমিউনিকেশনসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোস্তফা জাকির হায়দার। তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস জানার প্রোগ্রাম ‘ওয়েদার নাউ’-এর মাধ্যমে সাতটি বিভাগীয় শহরের দৈনন্দিন অবহাওয়ার অবস্থাসহ পরবর্তী চার দিনের আবহাওয়ার খবর জানা যাবে। এ ছাড়া এর মাধ্যমে ঝড়, সাইক্লোনসহ অন্যান্য জরুরি আবহাওয়ার বার্তা পাওয়া যাবে। আর ‘স্কোর বোর্ড’ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত এসএসসি ও এইচএসসির সব বোর্ডের ফলাফল জানা যাবে। এ ছাড়া ‘স্টক অ্যাসিস্ট’ নামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারের বিভিন্ন শেয়ারের সর্বশেষ তথ্য, লাভ-ক্ষতির হিসাব ছাড়াও নানা ধরনের তথ্য পাওয়া যাবে। নকিয়ার তিনটি নতুন অ্যাপ্লিকেশন যে কেউ বিনা মূল্যে নকিয়ার অভি স্টোর থেকে নামিয়ে নিতে পারবে। তবে এর জন্য নকিয়া মোবাইল ফোন সেটটিতে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। —মোছাব্বের হোসেন