অভিনন্দন নতুন বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে
কবি কুসুমকুমারী দাশ, জীবনানন্দ দাশের মা—এই কবিতা লিখেছিলেন বরিশালের বাড়িতে, হয়তো হেঁশেলের পাশে বসে। খাতায় লেগে গিয়েছিল হলুদ কিংবা তেল। আজও এই কবিতা সমানভাবে প্রাসঙ্গিক, আমাদের দেশে আমরা চাই তেমন ছেলে, তেমন মেয়ে, যারা কেবল কথায় নয়, বড় হবে কাজেও। যারা স্থাপন করবে দৃষ্টান্ত, ভালো কাজের।
প্রতিবছর পয়লা বৈশাখের প্রাক্কালে তেমনি কয়েকজন তরুণকে খুঁজে বের করা হয় ছুটির দিনে সাময়িকীতে, যাঁদের কাহিনি পাঠ করে আমরা উদ্দীপিত হই, অনুপ্রাণিত হই। এই আয়োজনেই আমরা স্বাগত জানিয়েছিলাম মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবালকে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াস উদ্দীন সেলিমের আগমনধ্বনি বেজেছিল এ রকমই একেকটা বৈশাখী সম্ভারে, অদিতি মহসিন, শারমীন সাথী ইসলাম, হাবিব ওয়াহিদ, অর্ণব, ন্যান্সির মতো শিল্পীদের অভিষেকে হর্ষধ্বনি করেছি। অপি করিম, জয়া আহসান কিংবা তিশাকে নন্দিত করেছি, তেমনি আইটি বিশেষজ্ঞ শাহরিয়ার মঞ্জুর, স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী, সংগঠক মুনির হাসান, চলচ্চিত্রকার তৌকীর আহমেদকে আবাহন করেছিলাম এখানেই। অনেক নাম, সব নামই উল্লেখযোগ্য, সবাই ভালো করছেন, তবু দ্রুত কিছু নাম বলে নেওয়া গেল। ছুটির দিনে এবারের তরুণ তুর্কিদের তালিকায় রেখেছে কুষ্টিয়ার ভেড়ামারার রাসেল আহমেদকে, যিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে বহু তরুণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। আছেন কণক আদিত্য ও ইশরাত—তাঁদের আমরা চিনি ব্যতিক্রমী ফ্যাশন হাউস দেশাল-এর সুবাদে। সব্যসাচী মিস্ত্রির কাজ সব সময়ই আলাদা করে চোখে পড়ার মতো। দেশের ছাড়াও বিদেশি প্রকাশনীর প্রচুর বইয়ের নকশা করেছেন।
তাসলিমা আখতার বিখ্যাত তাঁর আলোকচিত্রটির জন্য, টাইম সাময়িকীর সপ্তাহের সেরা ছবির তালিকায় রানা প্লাজায় তোলা তাঁর যে ছবিটি ঠাঁই পেয়েছিল। মিঠুন চক্রবর্ত্তী লন্ডন থেকে সংগীতে পড়াশোনা করে দেশে ফিরেছেন, এবার ঢাকায় এ আর রাহমানের সঙ্গে বাজিয়েছেন টি-টোয়েন্টি সেলিব্রেশন কনসার্টে। রুকসানা বেগম ব্রিটিশ ফিমেল মুয়ে থাই চ্যাম্পিয়ন।
সুমাইয়া কাজী সানফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সুমাজির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী। আছেন হজিত বিকাশ ত্রিপুরা—খাগড়াছড়ির এই আদিবাসী তরুণ তাঁর গ্রামে শিক্ষার আলো ছড়িয়েছেন। যৌতুকবিরোধী সচেতনতা তৈরির কাজ করছেন। এনামুল হক বিজয়কে আমরা জানি ক্রিকেট মাঠে তাঁর উজ্জ্বল শৈলীর জন্য।
আমরা জানি, তরুণেরাই আমাদের ভরসা। বাংলাদেশ যে এগিয়ে চলেছে, কোনো বাধাই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারছে না, তার কারণ এই তারুণ্যই। আমাদের জনসংখ্যার বেশির ভাগই তরুণ, পরিসংখ্যানের এই উপাত্তটা সারা পৃথিবীকে চমকে দেয়, তাই তো বলা হয়, বাংলাদেশ হলো আগুয়ান ব্যাঘ্র, বাংলাদেশ পরবর্তী ১১টা দেশের একটা, যারা সামনে খুব ভালো করতে যাচ্ছে। বলা হয়, বাংলাদেশ ২০৫০ সালে ইউরোপকে ছাড়িয়ে যাবে অর্থনৈতিক উন্নতিতে।

.
.

তারুণ্য মানেই পরিবর্তন। তারুণ্য মানেই কোনো বাধাকে স্বীকার না করা। আমরা জানি, ১৯৫২ সাল ঘটিয়েছিল হার না-মানা তারুণ্য। মুক্তিযুদ্ধে দলে দলে গিয়েছিন তরুণেরা। এবার তরুণেরা নেমেছেন নিজেদের গড়ে তোলার যুদ্ধে, যার মাধ্যমে তাঁরা আসলে গড়ে তুলছেন বাংলাদেশকেই।
আমরা আসলে বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক কর্মবীর তরুণকেই অভিবাদন জানাই। প্রতীক হিসেবে বেছে নিই কয়েকজন মাত্র তরুণকে। কিন্তু সম্ভাবনাময় তরুণদের তালিকা অবশ্যই তাঁদের দিয়ে শেষ নয়। মুষ্টিমেয় এই কজনই আসলে চয়নযোগ্য নন। আরও আছেন। সেই সংখ্যা কোটির ঘরে। এঁদের মাধ্যমেই আমরা স্যালুট জানাই সমগ্র তারুণ্যকেই। আবাহন করি আগামীর বাংলাদেশকে। যেই বাংলাদেশ এক নতুন উন্নত প্রগতিশীল বাংলাদেশ। আলোয় ঝলমল করা বাংলাদেশ। যে বাংলাদেশে গান গাইছেন নতুন দিনের গায়ক, ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দ তুলে কাজ করছেন নতুন দিনের চিত্রী, লিখছেন নতুন কবি-লেখক, যাঁদের ভাষা নতুন, ভঙ্গি অভিনব, দৃষ্টিভঙ্গি আনকোরা, ব্যাট কিংবা বল হাতে দুর্দান্ত শৈলী দেখাচ্ছেন অকুতোভয় বিশ্বমানের খেলোয়াড়, কম্পিউটারে সৃষ্টিশীলতার নতুনতর ক্ষেত্র উন্মোচন করছেন কোনো আইটি কর্মী, ব্যবসায়িক কিংবা শিল্পক্ষেত্রে চমকপ্রদ কোনো ক্ষেত্র রচনা করেছেন তরুণ কোনো উদ্যোক্তা। জ্ঞানে-বিজ্ঞানে, সংস্কৃতি কিংবা ক্রীড়াক্ষেত্রে, কৃষিতে কিংবা শিল্পে, সামাজিক নেতৃত্বে, ব্যবসা-বাণিজ্যে—সর্বত্র নতুনের বিজয় কেতন উড়ছে সেই বাংলাদেশে। আসছে নতুন, বৎসরের আবর্জনা দূর হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে শতাব্দী-সঞ্চিত পশ্চাদপদতার গ্লানি।
অভিনন্দন নতুন বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ।