অভিনব নির্বাচনী প্রচারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালের ঘটনা। পড়তাম পঞ্চম শ্রেণীতে। সেবার ঠিক হলো শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা এড়াতে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হবে। তা-ও আবার নির্বাচন-প্রক্রিয়ায়। প্রার্থী দুজন—আমি ও রনি। বিচারক হচ্ছেন জয়নাল স্যার। তিনি ছিলেন সব শিক্ষার্থীর কাছে খুব প্রিয়, ঠিক যেন বন্ধুর মতো। স্যার নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। টিফিনের বিরতির ফাঁকে শুরু হয়ে গেল শ্রেণীকক্ষে নির্বাচনী প্রচারণা। আমি ভোটারদের দলে টানার জন্য মুড়ি ও চানাচুর বানিয়ে খাওয়ালাম সবাইকে। রনিও কম যায় না। পরদিন সে আস্ত একটা কাঁঠাল নিয়ে হাজির। ক্লাসের সব শিক্ষার্থী পেট ভরে খেল। বিরোধী প্রার্থী হওয়া সত্ত্বেও লোভ সামলাতে পারলাম না। আমিও কাঁঠাল খেলাম। স্যার এই খবর জানতে পেরে দুজন প্রার্থীকে ডেকে সতর্ক করে দিলেন এই বলে যে, নির্বাচনে ভোটারদের মন জয় করতে কোনো রকম প্রলোভন দেখানো যাবে না। পরে দুজনই লজ্জা পেয়ে ক্ষমা চাইলাম।
ভোট গ্রহণ শুরু হলো। ভোটের বাক্সের রক্ষণাবেক্ষণে স্যার নিজেই দাঁড়িয়ে ছিলেন। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিল চতুর্থ শ্রেণীর ১০ জন শিক্ষার্থী। অন্য শিক্ষকেরা ব্যাপারটিকে বসে বসে উপভোগ করছিলেন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ভোট গ্রহণ। ভোট গণনাও শেষ। এখন ফলাফল। উৎকণ্ঠায় আমার আর রনির অবস্থা কাহিল। মনে হচ্ছিল, বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফলাফল ড্র। দুজনই সমানসংখ্যক ভোট পেয়েছি। শেষ পর্যন্ত টসে বিজয়ী হয়ে রনিই হয়ে গেল ক্লাস ক্যাপ্টেন। সেই দিনগুলোর কথা আজও খুব বেশি মনে পড়ে।

সঞ্জয় কুমার ভৌমিক

শ্রীমঙ্গল, মৌলভীবাজার