অভিন্ন প্রশ্নে ব্যবধান কমছে বোর্ডগুলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে পাবলিক পরীক্ষার ফলাফলে বোর্ডগুলোর মধ্যে পাসের হারের ব্যবধান অনেক বেশি থাকলেও এবার তা অনেক কমেছে। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সব বোর্ডের পাসের হার প্রায় কাছাকাছি।

শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরাই ফল বিশ্লেষণ করে বলেছেন, এর অন্যতম কারণ হচ্ছে সৃজনশীল প্রশ্নপত্র হিসেবে সব বোর্ডে বিভিন্ন বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া। অভিন্ন প্রশ্নপত্র যত বাড়বে, পাসের হারের ব্যবধান তত কমবে। এর ফলে এইচএসসি ও উচ্চশিক্ষায় ভর্তিতেও সমতা আসবে বলে মনে করেন তাঁরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ২০১০ সাল থেকে এসএসসি পরীক্ষায় পরীক্ষামূলকভাবে বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে নেওয়া শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিষয়ের সংখ্যা বাড়তে থাকে। যেসব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে হয়, সেগুলো সব বোর্ডে একই প্রশ্নপত্র।

এবারের এসএসসি পরীক্ষা ২১টি বিষয় সৃজনশীল প্রশ্নপত্রে অর্থাৎ সব বোর্ডে অভিন্ন প্রশ্নে নেওয়া হয়। এর ফলে পরীক্ষার্থীরা যেমন একই মানে যাচাই হচ্ছে, তেমনি পরীক্ষকেরাও উত্তরপত্র মূল্যায়নে কাছাকাছি মান বজায় রাখতে পারছেন।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘আগে বলা হতো যে ওই বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে, ওই বোর্ডের খাতা কঠিন করে দেখা হচ্ছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে এ অভিযোগ কমে যাচ্ছে। এখন শিক্ষকদের খাতা মূল্যায়নে সমতা আসছে। সব বোর্ডেই প্রায় সমমানে খাতা মূল্যায়ন করা হচ্ছে।’

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার সব বোর্ডের গড় পাসের হার ৯০ শতাংশের কাছাকাছি। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে কম ৮৭ দশমিক ৩১ শতাংশ, রাজশাহীতে সবচেয়ে বেশি ৯৪ দশমিক ০৩ শতাংশ। এ ছাড়া কুমিল্লায় পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ, যশোরে পাসের হার ৯২ দশমিক ৬২ শতাংশ, চট্টগ্রামে ৮৮ দশমিক ০৪ শতাংশ, বরিশালে ৮৮ দশমিক ৬৩ শতাংশ, সিলেটে ৮৮ দশমিক ৯৬ শতাংশ এবং দিনাজপুরে ৯০ দশমিক ৬০ শতাংশ। গত কয়েক বছরে পাসের হারের ব্যবধান ছিল আরও বেশি। কোনো কোনো বোর্ডে ১০ শতাংশেরও বেশি ব্যবধান ছিল।

নিচের দুই স্তরের গ্রেড পাওয়া শিক্ষার্থী কমছে: বিশ্লেষণে দেখা গেছে, নিচের দুই স্তরের গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কম মেধাবী  শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে। গ্রেড পদ্ধতিতে শীর্ষ সূচক জিপিএ-৫-কে লেটার গ্রেডে এ প্লাস বলা হয়, যেখানে শিক্ষার্থীকে গড়ে ৮০ থেকে ১০০ নম্বর পেতে হয়। এভাবে নিচের দুই স্তর হলো সি এবং ডি। ৩৩ থেকে ৩৯ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ডি গ্রেড বা জিপিএ-১ প্রাপ্ত বলা হয়। আর ৪০ থেকে ৪৯ নম্বর পাওয়া শিক্ষার্থীকে সি গ্রেড বা জিপিএ-২ প্রাপ্ত বলা হয়।

সিলেট বোর্ডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, তাঁদের বোর্ডে বিজ্ঞানে জিপিএ-১ থেকে ২-এর কম পাওয়া শিক্ষার্থী একজনও নেই। মানবিকে এই সংখ্যা ৫০৬ এবং ব্যবসায় শিক্ষায় ২৫ জন। অন্যান্য বোর্ডেও ওই দুটি স্তরের শিক্ষার্থী কম। তিনি আরও বলেন, ‘অনেকে অভিযোগ করেন, নম্বর বাড়িয়ে পাসের হার বাড়নো হচ্ছে। ফল দেখে কিন্তু সেটা মনে হয় না।’

জেএসসি পরীক্ষার প্রভাব: এবার যারা এসএসসি পাস করেছে, তারা দুই বছর আগে প্রথমবারের মতো অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, তারা আগেই মেধার পরীক্ষায় অংশ নিয়েছে। ফলে তারা এসএসসিতেও ভালো করেছে।

গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জেএসসি পরীক্ষার ফলাফলের প্রতিফলন ঘটেছে এসএসসি পরীক্ষায়।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বলেছেন, পরীক্ষায় ভালো করার আরও কারণ হলো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সবার মধ্যে সচেতনতা বেড়েছে। নির্বাচনীয় পরীক্ষায় সম্ভাব্য ফেল করা শিক্ষার্থীর অনেকেই বাদ পড়ে। এ ছাড়া নকল বন্ধ হওয়ায় সবাই পড়াশোনা করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে। এটা ভালো ফলের অন্যতম কারণ। আর ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করায় সার্বিক ফলে এর ইতিবাচক প্রভাব পড়েছে।