অভিভাবকদের চেতনায় গণিত উত্সব
‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমার দুই চোখ বেয়ে জল নেমে আসে। মনে হচ্ছে, আমার সন্তান আমাকে উদ্দেশ করে কথাগুলো বলছে। তাই আবেগ ধরে রাখতে পারিনি।’ জাতীয় গণিত উত্সব ২০১২-এর দ্বিতীয় দিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমনটাই জানালেন কুমিল্লা থেকে আসা এক শিক্ষার্থীর মা হোমিওপ্যাথি চিকিত্সক নূরুন্নাহার আক্তার। দিন শেষে দেখা গেল, সেই মায়ের আনন্দের সীমা নেই। হ্যাঁ, এমনটা হওয়াই স্বাভাবিক। কেননা, তাঁর ছেলে আবু বক্কর সিদ্দিক মাদ্রাসা শিক্ষার্থী হওয়া সত্ত্বেও অন্যদের পেছনে ফেলে প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকার জাতীয় গণিত উত্সব ২০১২-এ অংশ নিতে সারা দেশ থেকে এমন অনেক শিক্ষার্থী তাদের মা-বাবাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে ১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব ২০১২ সফলভাবে সম্পন্ন হয়।হায়ার সেকেন্ডারিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস ধনঞ্জয় বিশ্বাসের বাবা মিলন কান্তি বিশ্বাস বললেন, ‘এমন সুস্থ বিনোদনমূলক পরিবেশনায় আমি মুগ্ধ। উত্সবস্থলে ধুলার পরিমাণ বেশি থাকলেও অন্য সবকিছুর তুলনা হয় না।’ তিনি মনে করেন, গণিত ক্যাম্পের পরিসর ও ক্যাম্পে অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করলে তাঁর ছেলের মতো আরও অনেক বাবা-মায়ের সন্তানেরা গণিতে ভালো করবে। জাতীয় রুবিক কিউব চ্যাম্পিয়ন ফাহাদ আহমেদ আকাশের বাবা গোলাম আহমেদও জানালেন এমন দাবির কথা। তিনি আশা করেন, খুব শিগগির এমন পদক্ষেপ নেওয়া হবে।গণিতের শিক্ষক মফিজুল ইসলাম বললেন, ‘গণিতের শিক্ষকদের ক্যাম্প করানো উচিত। এর ফলে গণিতের বিস্তৃতি সহজ হবে।’ময়মনসিংহ থেকে ছেলেকে নিয়ে আসা ডা. সেহেলী জান্নাত জানালেন, উত্সবের প্রথম দিন পরীক্ষা চলাকালীন দীর্ঘ চার ঘণ্টা অভিভাবকদের নীরব সময় অতিবাহিত করা কষ্টসাধ্য হয়ে ওঠে। তিনি আশা করেন, আগামী উত্সবগুলোতে শব্দযন্ত্রের ব্যবহার ছাড়াই অভিভাবকদের জন্য বিনোদনমূলক নতুন বিষয় সংযোজন করা হবে। অধিকাংশ অভিভাবকই তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেন।জাতীয় গণিত উত্সবে মেয়েকে নিয়ে আসা এক বাবা বললেন, ‘প্রতিবছরই আমি এ উত্সবে উপস্থিত থাকি। প্রতিটি উত্সবের প্রশ্নোত্তর পর্ব মনোযোগ দিয়ে শুনি। এ থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারি।’ কয়েকজন অভিভাবক বিগত বছরের মতো প্রথম দিন সন্ধ্যায় আকাশ দেখার ব্যবস্থা করার অনুরোধ করেন। জাতীয় উত্সব ঢাকার বাইরে করারও দাবি জানিয়েছেন অনেক অভিভাবক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা খুদে গণিতপ্রেমীদের মতো তাদের অভিভাবকদের চোখেমুখেও ছিল গণিতকে জয় করার স্বপ্ন। তাঁরা যেন ফিরে যেতে চাইছেন তাঁদের স্বপ্নের ছেলেবেলায়, নতুনভাবে গণিতকে জানতে ও শিখতে। বাস্তবে তা সম্ভব না হলেও তাঁদের সন্তানদের মধ্যে এর প্রতিফলন ঘটাতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তাঁরা। নিজেদের সময় এমন আয়োজন থাকলে কতই না ভালো হতো, তা নিয়ে আক্ষেপ করতে দেখা গেছে বেশ কয়েকজন অভিভাবককে।সাইফুল ইসলাম