অভিভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্টার, শিল্পী: বীরেন সোম, ১৯৭১
পোস্টার, শিল্পী: বীরেন সোম, ১৯৭১

আজ আমরা চিকিৎসাক্ষেত্রে যে দৃশ্য দেখতে পাচ্ছি তা ভয়াবহ ও মর্মান্তিক। আমাদের দেশে অগণিত মানুষ এখনো সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। ‘মানবতার সেবা’ কথাটা আজ প্রহসনে পর্যবসিত হয়েছে। চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে বাজারের একটা পণ্য মাত্র। টাকা থাকলেই কেনা যায়। ফলে যে যত বিত্তশালী, সে তত ভালো চিকিৎসা পাচ্ছে। বিত্তশালীদের সর্দি-কাশি হলেই বিশেষজ্ঞ ডাকা হয়। মারাত্মক রোগ হলেও মধ্যবিত্তরা সামর্থ্য অনুযায়ী কেউ ডাকেন এমবিবিএস কেউ বা এলএমএফ আর অনেকেই শরণাপন্ন হন হাতুড়ে ডাক্তারের। গরিবদের ভাগ্যে তাও মেলে না। কপালগুণে কোনোক্রমে একটা প্রেসক্রিপশন পেয়ে গেলেও ওষুধ কেনার পয়সা জোটে না। এসব ভাগ্য-বিড়ম্বিত ব্যক্তির অনেকে বিনা চিকিৎসায় প্রাণ হারায়। এটা অন্যায় এবং সামাজিক ন্যায়নীতিবিরুদ্ধ। কারণ, কোনো রোগ ধনীর হোক আর গরিবেরই হোক, সেটা সারাতে সমান দক্ষ চিকিৎসক ও সমান কার্যকর ওষুধ প্রয়োজন। তাই চিকিৎসা হওয়া উচিত রোগের গুরুত্ব অনুযায়ী। কিন্তু আমাদের চিকিৎসা হয় রোগীর উপার্জনক্ষমতা অনুযায়ী। একই রোগের জন্য গরিব পায় এক রকম চিকিৎসা আর ধনীর জন্য হয় আরেক রকম ব্যবস্থা। ধনীরা পয়সা খরচ করে সবচেয়ে ভালো চিকিৎসকের ব্যবস্থা করতে পারে ও দামি ওষুধ কিনতে পারে। গরিবরা কোনোটাই পারে না।
গরিবদের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। সেখানেও এই বৈষম্য বিদ্যমান। সরকারি চাকরিতে নিয়োজিত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থাকায় তাঁদের প্রাইভেট রোগীরা হাসপাতালে এসে ভর্তি ও অন্যান্য ব্যাপারে অধিকতর সুযোগ দাবি করে ও অনেক সময় পেয়েও থাকে। পেয়িং ও নন-পেয়িং পদ্ধতি চালু থাকার ফলে অনেক সময় পাশাপাশি দুজন রোগী দুই রকম পথ্য পেয়ে থাকে। কতগুলো বিশেষ পরীক্ষা বিনা পয়সায় করতে গেলে বহু সময় লেগে যায় অথচ পয়সা দিলে সঙ্গে সঙ্গেই হয়ে যায়। একই রোগের জন্য যখন গরিব পায় এক রকম চিকিৎসা ও ধনীর জন্য হয় অন্য রকম ব্যবস্থা, তখন মানবতার সেবায় উৎসর্গীকৃত চিকিৎসকেরা ব্যথিত না হয়ে পারেন না। এই বৈষম্যের জন্য প্রায়ই চিকিৎসকদের দায়ী করা হয়। অথচ এর জন্য সার্বিকভাবে তাঁরা দায়ী নন, দায়ী আমাদের জনসাধারণের সঙ্গে সংযোগবিহীন বর্তমান স্বাস্থ্যব্যবস্থা, যে স্বাস্থ্যব্যবস্থা ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে আমরা পেয়েছি।
স্বাস্থ্যক্ষেত্রে আমাদের অসংখ্য সমস্যার সমাধান করতে হলে আজ সর্বাগ্রে প্রয়োজন বর্তমান ব্যবস্থাকে ভেঙে স্বাধীন দেশের উপযোগী একটি গণমুখী চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা।...
১৯৭০ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ত্রয়োদশ পুনর্মিলনী উৎসবে ওই সংসদের সাবেক সভাপতি হিসেবে প্রদত্ত ভাষণের সংক্ষিপ্ত ভাষ্য