অভীকের জয়যাত্রা

অভীক রায় এক বহুমুখী প্রতিভার নাম। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৩ সালের স্নাতক (সিজিপিএ ৩.৯৭)। পদার্থবিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনে (জিআরই) মোট ১০০০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন রেকর্ড পরিমাণ ৯৮০ নম্বর৷
ছাত্রাবস্থায় বিতর্ক করেছেন৷ অভীক বেশ কয়েকবার জাতীয় পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছেন। ছিলেন বুয়েট ডিবেটিং ক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। নবম শ্রেণিতে পড়াকালীনই স্কুলের মূল দলে বিতর্ক করা শুরু করেন তিনি, লাভ করেন পুরস্কার। এসএসসি পরীক্ষার মাস দুয়েক আগে আরেকটি প্রতিযোগিতার জন্য স্কুল থেকে অভীকের নাম পাঠানো হলে পড়ার ক্ষতি হওয়ার ভয়ে মা চন্দনা সাহা পরীক্ষার আগে তাঁকে না পাঠানোর জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন। কিন্তু শিক্ষক উল্টো জবাব দেন, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ শিক্ষকের এই কথাটিই অনুপ্রেরণা হয়ে কাজ করে অভীকের মনে। এরপর বাবা-মা আর জ্যেঠুর প্রচেষ্টা ও দিকনির্দেশনার সঙ্গে অভীকের দুর্বার অধ্যবসায় ধীরে ধীরে তাঁকে পৌঁছে দেয় সাফল্যের চূড়ায় ।
অভীকের পড়ালেখার শুরুটা হয় ঢাকাস্থ সেন্ট গ্রেগরিস হাই স্কুলে। সেখান থেকে ২০০৫ সালে এ+ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০০৭ সালে আরেকটি এ+ পেয়ে এইচএসসি পাস করেন নটর ডেম কলেজ থেকে। বুয়েটে পড়াকালীন সব লেভেলে িডনস লিস্টে জায়গা করে নেন। বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি পেয়েছেন বেশ কয়েকবার। এর আগে ঢাকা বোর্ডে জুনিয়র লেভেল, এসএসসি ও এইচএসসিতে অসাধারণ ফল করার সুবাদে পেয়েছেন শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত বৃত্তি। স্নাতক পর্যায়ে তড়িৎ প্রকৌশল তাঁর পড়াশোনার বিষয় হলেও গবেষণার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন নিজের পছন্দের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানকে, তাঁর গবেষণার বিষয়বস্তু হলো ব্ল্যাক হোল (কৃষ্ণবিবর। নিজের লেখা ‘ম্যাথোস্কোপ’ ছাড়াও গণিতের রাজ্যে পাই, জ্যামিতির দ্বিতীয় পাঠ ইত্যাদি গ্রন্থের তিনি সহলেখক৷
জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে সেরা হয়ে তিনি অংশ নিয়েছেন জাতীয় গণিত ক্যাম্পে। পরে কাজ করেছেন গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক হিসেবে, কখনো বা একাডেমিক সমন্বয়কারী হিসেবে। অভীক বলেন, ‘একাডেমিক জীবনের প্রতি একটা ভালো লাগা ছিল বলে শুরু থেকেই ইচ্ছা ছিল ভালো রেজাল্ট করে বুয়েটেই প্রভাষক হিসেবে যোগ দেওয়ার ।’ তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন তিনি নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন৷ ভবিষ্যতে বিদেশে গিয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনের ইচ্ছার কথা জানালেন অভীক।