অর্থনীতির অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আড্ডায় কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী। ছবি: মঈনুল ইসলাম
এক আড্ডায় কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী। ছবি: মঈনুল ইসলাম

ওরা আলোর দিশারি। শিক্ষার্থীদের দিকনির্দেশনার পথযাত্রী হয়ে ওরা অবিরাম কাজ করে চলেছে। অর্থনীতির বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে করছে সেমিনার ও কর্মশালা। শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখানো সংগঠন হয়ে উঠেছে ‘ইয়ং ইকোনমিস্ট গ্রুপ’।
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুরের কারমাইকেল কলেজে এ সংগঠনটি ২০০৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরাই মূলত এ সংগঠন পরিচালনা করছেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন অর্থনীতিবিষয়ক জ্ঞান লাভ করার উদ্দেশ্য নিয়েই এ সংগঠনের যাত্রা শুরু।
অর্থনীতি বিভাগের তিন শিক্ষার্থী—মাজহারুল ইসলাম, তাজাক্কার ইসলাম ও শাহজাহান করিম শুরুতে এ সংগঠনের হাল ধরেন। তাঁরা প্রথম শ্রেণীতে মাস্টার্স পাস করে কলেজের গণ্ডি পেরিয়েছেন। তাঁদেরই উত্তরসূরি হয়ে এখন হাল ধরেছেন নতুনেরা। অর্থনীতি বিভাগের একটি শ্রেণীকক্ষে শুধু এ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মাসে দুবার সেমিনারের আয়োজন করা হয়। এ ছাড়া অন্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কর্মশালা ও উন্মুক্ত আলোচনার। এসব আলোচনা ও কর্মশালায় শিক্ষকেরাও অংশ নেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের কর্মীরা শিক্ষার্থীদের শিখিয়েছেন কীভাবে চাকরির নির্ভুল দরখাস্ত লিখতে হয়, কোথায় চাকরি খুঁজতে হয়। দেশ-বিদেশের ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, অর্থনীতি বিষয়ে জ্ঞানের চর্চা করানো হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস থেকে তথ্য অধিকার আইনে তথ্য পেতে ধারণা দেওয়া হয়। কোনো কিছু লিখতে ইংরেজি ও বাংলার সঠিক প্রয়োগরীতি শেখানো হয়েছে কয়েক হাজার শিক্ষার্থীকে। প্রতিবছর সরকারি বাজেটের ওপর মুক্ত আলোচনা হয়।

‘ইয়ং ইকোনমিস্ট গ্রুপ’ থেকে প্রতিবছর একটি জার্নাল বের করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয় এ সংগঠন সম্পর্কে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা ঘোষ বলেন, ‘না জানা তথ্য জানতে পেরেছি। পাঠ্যপুস্তকের বাইরে যে একটা জীবন আছে, তা বুঝতে সহায়তা করেছে সংগঠনের নানামুখী কর্মকাণ্ড।’

হিসাববিজ্ঞানের শিক্ষার্থী শাহাজাদ হোসেন বলেন, ‘নিজেকে যোগ্য মানুষ হয়ে গড়ে উঠতে সংগঠনটি কাজ করে চলেছে। এর সঙ্গে যুক্ত হয়ে আমি উপকৃত হয়েছি।’ ইংরেজির শিক্ষার্থী অনন্যা দত্ত বলেন, ‘এর আগে যেন অনেকটা অন্ধকারে ডুবে ছিলাম। এখানে এসে আলোকিত হয়েছি। ভালো অনেক কিছু শিখেছি।’

ইয়াং ইকোনমিস্ট গ্রুপের ২৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি রয়েছে, যার সভাপতি ও সম্পাদক যথাক্রমে সত্যজিৎ ঘোষ ও এজাজুল ইসলাম। সভাপতি সত্যজিৎ ঘোষ বলেন, ‘এ কাজ করতে কলেজের শিক্ষকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ কর্মকাণ্ড শুধু কারমাইকেল কলেজে নয়, রংপুরের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে দিতে চাই।’