অর্ধেক হাসি আর অর্ধেক কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল উন্মাদনায় শামিল কবি নির্মলেন্দু গুণ
ফুটবল উন্মাদনায় শামিল কবি নির্মলেন্দু গুণ

কবি রাজু আলাউদ্দিন, তোমার কষ্টের যে একটা বিশেষ কারণ রয়েছে, সে কথা তো সবাই জানে না।আমি জানি বলেই খেলাটি দেখার সময় তোমার কথা আমি বিশেষভাবে মনে করেছি। গত বিশ্বকাপের ফাইনালে হল্যান্ড যখন স্পেনের কাছে অতিরিক্ত সময়ের শেষ পর্বে গিয়ে একমাত্র গোলে পরাজিত হয়েছিল, তখন আমার খুব কষ্ট হয়েছিল। রেফারি সেদিন যদি হল্যান্ডের ডিফেন্সের একজন খেলোয়াড়কে লাল কার্ড না দিতেন, তাহলে স্পেন জিততে পারত না। খেলাটি টাইব্রেকারে গড়াত।
পরদিন প্রথম আলোয় আমি লিখেছিলাম, ‘হল্যান্ড, তোমার চোখের জল আমার চোখে দাও।’
তিনবার ফাইনালে গিয়েও হল্যান্ড একবারও কাপ জিততে পারেনি। আমি চাই এবার সে জিতুক।
বিশ্বকাপ ফুটবলের খেলাগুলোকে মৃত্যুর সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্ধেক হাসি আর অর্ধেক কান্না দিয়ে মোড়া এই বিশ্ব-আয়োজন। একের ভেতরে দুই। হাসি আর কান্না।
স্মরণ করতে বলি আমার ‘ফুটবলবন্দনা’ কবিতার একটি স্তবক। ‘...বল যেই স্পর্শ করে গোল পোস্টে পাতা জাল/ কেহ কাঁদে, কেহ হাসে/ কেহ অশ্রুজলে ভাসে/ কেহ হয় বিশ্বজয়ের আনন্দে মাতাল।’
তোমার ও তোমার মেক্সিকান স্ত্রীর জন্য আমার গভীর সমবেদনা। দুঃখ কোরো না, বাঁচো। খেলা দেখো, আনন্দ করো।