অর্ধেকেরও কম বিদ্যুতে ভবনের তাপ নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপমাত্রা নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ বিদ্যুৎশক্তি খরচ হয়৷ শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থার সাহায্যে এই খরচ গড়ে ৫৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব৷
তাপমাত্রা নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ বিদ্যুৎশক্তি খরচ হয়৷ শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থার সাহায্যে এই খরচ গড়ে ৫৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব৷

বড় বড় বাণিজ্যিক ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ বিদ্যুৎশক্তি খরচ হয়৷ শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থার সাহায্যে এই খরচ গড়ে ৫৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক প্রায় এক বছরব্যাপী বিভিন্ন বিপণিবিতান, সুপরিসর দোকানপাট ও অন্যান্য বাণিজ্যিক ভবনে ওই নিয়ন্ত্রণব্যবস্থার প্রয়োগ নিয়ে গবেষণার ভিত্তিতে এমনটাই দাবি করছেন৷
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের (ডিওই) নিয়ন্ত্রণাধীন প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল (পিএনএনএল) ল্যাবরেটরির ওই গবেষণায় নেতৃত্ব দেন সেখানকারই প্রকৌশলী শ্রীনিবাস কাটিপামুলা৷ আর গবেষণায় সহায়তা করে ডিওইর নিয়ন্ত্রণাধীন জ্বালানি-সাশ্রয় ও নবায়নযোগ্য শক্তি বিভাগ এবং বনভিল পাওয়ার অ্যাডমিিনস্ট্রেশন৷ গবেষকেরা সুবিশাল ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বিত ব্যবস্থাকে (এইচভিএসি) শক্তি-সাশ্রয়ী করে তোলার চেষ্টা চালান৷
এইচভিএসি হলো বড় আকৃতির চকচকে ধাতুর একটি বাক্সে ভরা এক যান্ত্রিক ব্যবস্থা, যেখানে তাপমাত্রা বাড়ানোর (হিট), কমানোর (কুলিং), বাতাস চলাচলের (ভেন্টিলেশন) ও বাতাস নিয়ন্ত্রণের (কন্ট্রোল) জন্য ব্যবহৃত সব যন্ত্রপাতি সমন্বিতভাবে রাখা হয়৷ বর্তমান বিশ্বের অনেক বাণিজ্যিক ভবনের ছাদে এইচভিএসির বড় আকৃতির ধাতুর বাক্স স্থাপন করতে দেখা যায়৷ এর মধ্যে বিদ্যুৎশক্তি নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকে, যা শক্তি সাশ্রয়ের কাজ করে৷ তবে এটি যথেষ্ট নয়৷ বর্তমানে বছরে সাধারণ এসচভিএসির কারণে যে বিদ্যুৎশক্তি ব্যবহৃত হয়, তা যুক্তরাষ্ট্রের ৮০ লাখ বাসাবাড়িতে এক বছরে ব্যবহৃত বিদ্যুৎশক্তির সমান৷ আর অনেক ক্ষেত্রেই গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অদক্ষ এইচভিএসি যন্ত্রব্যবস্থা দায়ী৷
২০১১ সালে কাটিপামুলার নেতৃত্বে পিএনএনএলের গবেষকেরা ভবনে বিদ্যুৎশক্তির ব্যবহার কমানোর জন্য গবেষণা শুরু করেন৷ তাঁরা এইচভিএসি যন্ত্রব্যবস্থার মধ্যে বিদ্যুৎশক্তি সাশ্রয়ের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণযন্ত্র দেখতে পান৷ একে শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা হিসেবে গড়ে তুলতে তাঁরা সংবেদি যন্ত্র, বিভিন্ন গতির বৈদ্যুতিক মোটর ব্যবহারের পরিকল্পনা করেন৷ ইতিমধ্যে এইচভিএিস যন্ত্রব্যবস্থা প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিদ্যুৎশক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে গবেষণা করেছে৷ পিএনএনএলের গবেষকেরা এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেদের পরিকল্পনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ওয়াশিংটনের ট্রান্সফরমেটিভ ওয়েভ নামক প্রতিষ্ঠানের তৈরি শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থাটি বেছে নেন৷ ২০১২ সালে গবেষকেরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ওহাইও, ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বড় আকৃতির বাণিজ্যিক ভবনের ওপরে স্থাপিত ৬৬টি এইচভিএসি যন্ত্রব্যবস্থার মধ্যে শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা সংযোজন করেন৷ পরে দীর্ঘ এক বছর ধরে এসব যন্ত্রের বিদ্যুৎশক্তি সাশ্রয়ের অবস্থা পর্যবেক্ষণ করা হয়৷ গবেষকেরা দেখতে পান, সাধারণ শক্তি-সাশ্রয়ী অত্যাধুনিক নিয়ন্ত্রণব্যবস্থাসমৃদ্ধ এইচভিএসিতে গড়ে ৫৭ শতাংশ কম বিদ্যুৎশক্তি খরচ হয়৷ প্রতিটি যন্ত্রব্যবস্থা গড়ে এক হাজার ৪৮৯ মার্কিন ডলার খরচ কমিয়েছে৷ সূত্র: সায়েন্স ডেইলি৷