অসলোতে স্বপ্নবাজ তরুণদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের অসলোতে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর আয়োজিত ‘টেলিনর ইয়ুথ ফোরাম-২০১৫’ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন প্রত্যয়ী তরুণেরা। প্রতিষ্ঠানটির সদর দপ্তরে বিভিন্ন আয়োজনে তাঁরা নিজেদের উদ্যোগগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন l প্রথম আলো
নরওয়ের অসলোতে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর আয়োজিত ‘টেলিনর ইয়ুথ ফোরাম-২০১৫’ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন প্রত্যয়ী তরুণেরা। প্রতিষ্ঠানটির সদর দপ্তরে বিভিন্ন আয়োজনে তাঁরা নিজেদের উদ্যোগগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ছাত্র শাবাব রহমান এসেছেন ‘গ্লাসরুমে’র ধারণা নিয়ে। তিনি মনে করেন, নিয়মিত আলাপ হলে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য ঘুচবে। আর এর মাধ্যমেই বর্ণবাদ, সন্ত্রাসবাদের মতো খারাপ বিষয়গুলো তরুণদের মাথা থেকে বের করে দেওয়া সম্ভব। আর অসলো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইমন বড়ুয়া মনে করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ঘটাতে পারলে উন্নত আর উন্নয়নশীল উভয় বিশ্বের চিকিৎসকেরা আরও ভালো চিকিৎসা দিতে পারবেন। কারণ, শরীর তো একটাই।
নরওয়ের অসলোতে বসেছে এই স্বপ্নবাজ তরুণদের মিলনমেলা, যাঁরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বদলে দিতে চান সমাজ। আন্তর্জাতিক মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর আয়োজন করেছে ‘টেলিনর ইয়ুথ ফোরাম-২০১৫’ নামের এই মিলনমেলা। সঙ্গে যুক্ত রয়েছে নোবেল শান্তি পুরস্কার প্রদান সংস্থা ‘নোবেল পিস সেন্টার’। বাংলাদেশসহ ১৩টি দেশের ২৫ জন তরুণ এসেছেন নিজ নিজ ধারণা নিয়ে। এই ১৩টি দেশেই টেলিনর সেবা দিয়ে থাকে। বাংলাদেশের গ্রামীণফোন হচ্ছে টেলিনরের একটি প্রতিষ্ঠান। ইন্টারনেটের সুবিধাকে ব্যবহার করে ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করা এবারের আয়োজনের মূল বিষয়। তিন দিনের এ অনুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়েছে।
গত মঙ্গলবার থেকেই বিভিন্ন দেশের তরুণেরা একসঙ্গে কাজ করছেন। তীব্র ঠান্ডা আর বৃষ্টির বাধা উপেক্ষা করে তাঁরা কাজ করছেন। তরুণদের বাইরে দলবদ্ধভাবে কাজ করতে বলা হয়। এখানে বক্তব্য দেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে ও নোবেল পিস সেন্টারের নির্বাহী পরিচালক বেনতে এরিকসন।
বেনতে এরিকসন বলেন, তাঁরা চান, মানুষ জ্ঞানভিত্তিক সমাজে ভালো স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠুক। সিগভে ব্রেক্কে বলেন, বর্তমানে ১৩টি দেশে টেলিনরের প্রায় ২০ কোটি গ্রাহক রয়েছে। ২০১৮ সালের মধ্যে টেলিনরের ৮০ ভাগ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করবে। এটা তাঁদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জই কিছু নতুন সম্ভাবনা নিয়ে আসে।
উপস্থাপনাপর্বে বাংলাদেশের শাবাব রহমান বলেন, শুধু কম্পিউটার আর ইন্টারনেট-সংযোগ থাকলেই তাঁর এই ধারণা বাস্তবায়ন করা সম্ভব। যখন বাংলাদেশের কোনো গ্রামের এক তরুণ ইউরোপের কোনো তরুণের সঙ্গে মন খুলে গল্প করার সুযোগ পাবে। তাহলে অবশ্যই তাঁদের মধ্যে নতুন নতুন ধারণা তৈরি হবে।
বাংলাদেশের আদিবা হক তাঁর ‘মুঠোস্কুল’ ওয়েবসাইটের ধারণা নিয়ে এসেছেন। এই ওয়েবসাইটে কিছু মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য পাঠ্য, ভিডিও তৈরি করে দেবেন। শিক্ষার্থীরা বিনা মূল্যে ওয়েবসাইট থেকে সেসব দেখে নিজেদের না বোঝা বিষয়গুলো বুঝতে পারবে, প্রশ্ন করতে পারবে। প্রায় একই ধরনের ‘স্টাডি বাডি’ ধারণা নিয়ে এসেছেন হাঙ্গেরির তরুণ টামাস জালানি। শহর আর গ্রামের তরুণদের নিজেদের ধারণা, পাঠ্যক্রম নিয়ে আলোচনা ও বন্ধু বানানোর ওয়েবসাইট ‘বাডি প্রজেক্টে’র ধারণা নিয়ে এসেছেন মালয়েশিয়ার তরুণী চ্যান লি অ্যাডলি জিং। মালয়েশিয়ারই আরেক তরুণী হেইডি কুয়াহ মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া শরণার্থীদের শিশুদের শিক্ষার আওতায় আনতে একটি ভিডিও স্কুল তৈরির কথা ভাবছেন। এর জন্য শুধু প্রয়োজন ইন্টারনেটসহ কম্পিউটার। পাকিস্তানের হারুন ইয়াসিন, ভারতের কারিকা দাসও ইন্টারনেট ব্যবহার করে সুবিধাবঞ্চিত শিশুসহ সবার জন্য শিক্ষা ছড়িয়ে দেওয়ার ধারণা নিয়ে এসেছেন।
নরওয়েতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ইমন বড়ুয়াদের বাড়ি চট্টগ্রামে। কয়েক মাস আগে গিয়েছিলেন বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাঙা ভাঙা বাংলায় তিনি বললেন, বাংলাদেশে ফ্লু, চর্মরোগ, খাবার থেকে ছড়ানো ছোঁয়াচ বা সংক্রামক রোগগুলোর প্রাদুর্ভাব বেশি। আর নরওয়ের মতো উন্নত দেশগুলোতে মানুষ ভুগছে ক্যানসার, হৃদ্রোগের মতো রোগগুলোতে। এসব দেশের চিকিৎসকেরা যদি নিজেদের মধ্যে অন্তত কথা বলার সুযোগ পান, তাহলে নিজেদের কাজের ধারণাগুলো ভাগাভাগি করতে পারবেন। তিনি আরও বলেন, ‘বিশ্বাস করুন এতে সবাই উপকৃত হবে।’
ভারতের অভিষেক কৌশল এসেছেন ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা মানুষগুলোকে সতর্ক করার ধারণা নিয়ে। তাঁর হিসাবে, ভারতে ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কেন্দ্র করে সব ধরনের কার্যক্রম চলছে। কিন্তু কয়েক কোটি মানুষ এর ঝুঁকিতে রয়েছে, তাদের বিষয়ে কিছুই বলা হচ্ছে না। আগে থেকে ব্যবস্থা নিলে ডায়াবেটিসের মতো লাইফস্টাইল রোগগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব।
ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক অভিষেক মিত্র এসেছেন ছোট্ট একটি যন্ত্রের ধারণা নিয়ে। এই যন্ত্রটি অতিবেগুনি রশ্মিকে ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই খাদ্যবস্তুর মধ্যে থাকা অতিক্ষুদ্র জীবাণুদের ধ্বংস করতে সক্ষম। ওই যন্ত্রটি মুঠোফোনের শক্তি আর ক্যামেরা ব্যবহার করে কাজ করবে।
একইভাবে বিশ্বের বিভিন্ন দেশের সফল তরুণ উদ্যোক্তা, ইন্টারনেট ব্যবহার করে সফল হওয়া সমাজসেবীদের কাছ থেকে নানা গল্প আর ধারণার কথা শুনেছেন ২৫ তরুণ। তাঁদের ধারণাগুলোর বাস্তবায়ন করা হবে কি না, জানতে চাইলে টেলিনরের সিইও সিগভে বলেন, গত বছরের কিছু ধারণা এর মধ্যেই বাস্তবায়িত হয়েছে। এগুলোও বাস্তবায়নের চেষ্টা করা হবে। তবে তাঁদের চাওয়া, আরও নতুন নতুন ধারণা আসুক।

ভালো কিছুর প্রত্যাশা
চুক্তির খসড়া চূড়ান্ত করতে সময় বাড়ল আরও এক দিন
ইফতেখার মাহমুদ, প্যারিস থেকে
ঝলমলে প্যারিসের অনেক ভবনের আলো নিভতে থাকে গত বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু লো বুর্জে জলবায়ু সম্মেলন কেন্দ্রের আলো জ্বলেছিল সারা রাতই। ভোর পাঁচটা পর্যন্ত চলে তুমুল আলোচনা আর তর্ক-বিতর্ক। প্যারিস চুক্তির খসড়াটি চূড়ান্ত করার বিষয়ে রাষ্ট্রগুলো মোটাদাগে একমত হলেও শেষ পর্যন্ত দুটি বিষয়ে দেখা দেয় ভিন্নমত। এ দুটি বিষয় মিটিয়ে ফেলার জন্য আলোচনার সময় বাড়ানো হয় আরও এক দিন। আজ শনিবার শেষ হবে এই সম্মেলন।
তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ও কপ-২১ এর প্রেসিডেন্ট লরা ফ্যাবিউস গতকাল শুক্রবার সম্মেলন কেন্দ্রে গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে বলেন, ‘কপ-২১ সঠিক পথে এগোচ্ছে। এখন পর্যন্ত চুক্তি চূড়ান্ত করার সব পরিবেশ ভালো আছে। আশা করি আমরা এই সম্মেলন থেকে ইতিবাচক কিছু পাব।’
গতকাল সম্মেলন কেন্দ্রে ১৯৫টি দেশের প্রতিনিধিরা যখন চূড়ান্ত দর-কষাকষিতে ব্যস্ত, তখন ‘মানবতার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে তাঁদের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বন কি মুন। লো বুর্জে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা সবচেয়ে জটিল ও সবচেয়ে কঠিন আলোচনা কিন্তু মানবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে আমাদের হাতে। মানবতার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সব পক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি।’
বৃহস্পতিবার রাতভর ১৯৫টি দেশের প্রতিনিধিদের আলোচনার পর ভোর পাঁচটার দিকে একদল সমঝোতাকারী খসড়া চুক্তিটিকে ৪২ পৃষ্ঠা থেকে দাঁড়ি, কমা, ব্র্যাকেট উঠিয়ে ২৭ পৃষ্ঠায় নামিয়ে আনে। এরপর গতকাল সকাল থেকে রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা আবার আলোচনায় বসেন। আরেক দল ওই খসড়া নিয়ে আবারও আলোচনা শুরু করে।
চূড়ান্ত খসড়ায় বেশির ভাগ বিষয়ে বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র একমতে পৌঁছে গেলেও মোটাদাগে দুটি বিষয়ে এখনো রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। প্রথমত, সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত রাষ্ট্রগুলো অর্থ দিতে রাজি হয়েছে। কিন্তু তারা বলছে, শুধু তারা একলা কেন অর্থ দেবে। উদীয়মান অর্থনীতির দেশ ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে এ ক্ষেত্রে দায়-দায়িত্ব নিতে হবে। অর্থাৎ তহবিলে তাদেরও অর্থ দিতে হবে। কিন্তু বিশ্বের অর্ধেক কার্বন নিঃসরণকারী ওই রাষ্ট্রগুলো অর্থ দিতে রাজি হচ্ছে না।
দ্বিতীয়ত, রাষ্ট্রগুলো স্বতঃপ্রণোদিত হয়ে কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকার করেছে, তা ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, সে জন্য প্রতি পাঁচ বছর পরপর পর্যালোচনা করে দেখার প্রস্তাব তোলা হয়েছে শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে। কিন্তু ভারত ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর পক্ষ থেকে ১০ বছর পরপর পর্যালোচনার দাবি করা হচ্ছে। ফলে এই বিষয়েও একমত হয়নি। এই বিষয়গুলোতে মতৈক্যে পৌঁছাতেই আলোচনার সময় বাড়ানো হয়েছে এক দিন।
সব বিষয় মিটমাট হয়ে গেলে প্যারিস চুক্তির খসড়া চূড়ান্ত হবে। তবে তা আইনি বাধ্যবাধকতাসহ চুক্তি হিসেবে স্বাক্ষর হবে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে, আগামী বছরের ২২ এপ্রিল থেকে ২০১৭ সালের ২১ এপ্রিলের মধ্যে।
এ ব্যাপারে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি ছিল অভিযোজন খাতে অর্ধেক অর্থায়ন ও স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে তহবিল পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। সেই দাবি চুক্তির খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে শুক্র ও শনিবার আলোচনা হবে।’
অন্যদিকে, কপ-২১ এর সচিবালয় থেকে জানানো হয়েছে, সম্মেলনের ফলাফল হিসেবে চুক্তির খসড়াটিকে ‘প্যারিস আউটকাম’ হিসেবে চিহ্নিত করা হবে।
সম্মেলনে অংশ নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, ‘চুক্তিতে এখন পর্যন্ত যে বিষয়গুলো আছে, তা বাংলাদেশের স্বার্থ ও দাবির পক্ষেই আছে। অর্থায়ন নিয়ে শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর বিতর্ক আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বড় সমস্যা না। কেননা, আমাদের ওই তহবিলে অর্থ দিতে হবে না, বরং উল্টো তহবিল পেতে অগ্রাধিকার পাওয়া যাবে এমন শর্ত সেখানে রয়েছে। ফলে প্যারিস আউটকাম হিসেবে যা আসছে, তা বেশ ইতিবাচক।’
তবে গতকাল বাংলাদেশের ১০টি নাগরিক সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে প্যারিস চুক্তিতে স্বল্পোন্নত দেশগুলোর অনেক স্বার্থই অন্তর্ভুক্ত হয়নি বলে মন্তব্য করা হয়েছে। শিল্পোন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো দায়-দায়িত্ব নিচ্ছে না, জানায় তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড বা সিএসআরএলের জিয়াউল হক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের গোলাম রব্বানি।