অসির চেয়ে মসি বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অসি ও মসি একই কলেজে পড়ে। কলেজে, এলাকায়—সবখানে মসিকেই সবাই ভালো ছেলে বলে চেনে। মসি তার সব কাজকর্ম দিয়েই সবার মন জয় করেছে। এখানেই অসির যত আপত্তি আর হিংসা! সে কোনোভাবেই মসির জনপ্রিয়তা মেনে নিতে পারে না। সে হিংসায় জ্বলে-পুড়ে মরে। সে চায়, কলেজের সব ছেলেমেয়ে আর শিক্ষক তাকেই ভালোবাসবে।
কেবল কলেজেই তো নয়, ফেসবুকেও মসির স্ট্যাটাসে লাইক বেশি পড়ে। অসির স্ট্যাটাসে লাইক-কমেন্ট তো দূরের কথা, একটা মাছিও পড়ে না। অসি ভাবে, তার কী এমন নেই, যা মসির আছে? তাই দিন দিন অসি আরও খ্যাপাটে হয়ে ওঠে। বুদ্ধি আঁটতে থাকে, কী করে মসিকে শায়েস্তা করা যায়। চক্রান্ত করতে শুরু করে সমমনা বন্ধুদের নিয়ে।
মসি সবই বোঝে। তবে সে কোনো দিন এসবের পরোয়া করে না। কারণ সে জানে, কোনো দিন কারও ক্ষতি সে করেনি। মাঝে মাঝে শুধু অসি যেসব ভুল করে, সেসব শোধরানোর পরামর্শ দেয়। অসিকে ঠিক পথে আনার চেষ্টা করে।
এদিকে গোপনে মসির বিরুদ্ধে নিজের দল ভারী করতে শুরু করে অসি। ভালো কাজ করে জনপ্রিয়তা পেলে পেছনে তো অনেকেই লেগে থাকে। স্বভাবতই মসির ব্যাপারেও অনেকে নাখোশ। কেউ হয়তো কলেজের বাগানের ফুল ছিঁড়ল, মসি গিয়ে বুঝিয়ে বলবে, ‘ভাই, এসব তো আমাদের বাগানেরই ফুল। ফুল ছিঁড়লে বাগানের শোভা তো বাড়ে না!’ আবার হয়তো কেউ কেউ কলেজের ছেলেদের সাইকেলের পাম্প ছেড়ে দেয়। সেখানেও মসি গিয়ে বোঝায়, ‘এটা করা ঠিক নয়।’ তাই অনেকেই আছে, যারা সুযোগ পেলেই মসিকে একহাত দেখে নিতে চাইবে। অসি এক এক করে তাদের কাছে যায় এবং মসির বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। তারা সবাই মিলে পরিকল্পনা করতে শুরু করে, মসিকে কীভাবে শায়েস্তা করা যায়! মসি অবশ্য বুঝতে পারে, অসি খারাপ কিছু করলেও করতে পারে। আগেও অনেকবার অসি বিভিন্নভাবে মসিকে হুমকি দিয়েছে। তাই সে সাবধানে থাকে।
তবে এক সন্ধ্যায় ঠিকই অসির উদ্দেশ্য হাসিল হয়। অসি ভালো করেই জানত, মসি সাঁতার জানে না। তাই সেই সন্ধ্যায় সুযোগ বুঝে মসিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় অসি আর তার দল! পানিতে হাবুডুবু খেতে থাকে মসি। ‘বাঁচাও বাঁচাও!’ বলে চিৎকার করে। কেউ শোনে না। সন্ধ্যার নিবু নিবু আলোয় কালো পানিতে মসি ডুবে যেতে থাকে।
ভাগ্যিস, পুকুরে একটা ভেলা ভেসে ছিল। সেটা আঁকড়ে ধরে সে যাত্রা বেঁচে যায় মসি। পরদিন থেকে শুরু হয় তার নতুন যাত্রা। মসির লেখার হাত খুব ভালো। বন্ধুদের নিয়ে সে লিফলেট লিখতে শুরু করে, যেখানে থাকে অসির মতো বখে যাওয়াদের বিরুদ্ধে স্লোগান, যেখানে থাকে মনীষীদের বাণী আর মানুষকে ভালোবাসার কথা, গান ও কবিতা। কলেজের সবাই সেগুলো পড়ে। অসিদের মতো বখাটেদের বিপক্ষে সবাই একতাবদ্ধ হয়। একসময় কলেজের প্রিন্সিপালেরও নজরে পড়ে সেটা। দেরি না করে অসি ও তার দোসরদের লাল টিসি দিয়ে কলেজ থেকে বের দেন তিনি। কলেজে শান্তি নেমে আসে। সবাই স্লোগান দেয়, ‘অসির চেয়ে মসি বড়!’