অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাব বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রলম্বিত
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার একটি ফেডারেল আদালত অস্ট্রেলিয়ায় স্যামসাং গ্যালাক্সি ট্যাব (১০.১) বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন। বলা হয়েছিল ২ ডিসেম্বর শুক্রবার থেকেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে স্যামসাং তাদের গ্যালাক্সি ট্যাবের বিক্রি শুরু করতে পারবে। কিন্তু এরই মধ্যে অ্যাপল উচ্চ আদালতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করে গ্যালাক্সি ট্যাবের বিক্রয় নিষেধাজ্ঞা প্রলম্বিত করার আদেশ জয় করে নিয়েছে। অস্ট্রেলীয় হাইকোর্ট অ্যাপলের আপিলের পরিপ্রেক্ষিতে গ্যালাক্সি ট্যাবের (১০.১) বিক্রির ওপর জারিকৃত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে।বিশ্বের বিভিন্ন জায়গায় পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে চলতে থাকা আইনি লড়াইয়ের অন্যতম মামলা এটি। গত অক্টোবরে অ্যাপল তাদের আইপ্যাডের বিভিন্ন অ্যাপ্লিকেশন নকলের দায়ে স্যামসাংকে অভিযুক্ত করে অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাবের ১০.১ সংস্করণের বিক্রি নিষিদ্ধ করার মামলা দায়ের করে।এদিকে স্যামসাং অস্ট্রেলীয় হাইকোর্টের এ আদেশকে তাদের প্রতি চলমান অবিচার হিসেবে আখ্যায়িত করেছে।অ্যাপলের অভিযোগে বলা হয়, গ্যালাক্সি ট্যাবের ১০.১ সংস্করণে আইপ্যাডের ১৩টি পেটেন্ট হুবহু নকল করা হয়েছে।