অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাব বিক্রির ওপর নিষেধাজ্ঞার দাবি অ্যাপলের
স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণে তিনটি প্যাটেন্ট বিধি লঙ্ঘিত হয়েছে—এ অভিযোগ অ্যাপলের। এই অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাবের বিক্রি নিষিদ্ধ করার দাবি তুলেছে অ্যাপল ইনকরপোরেশন।‘অভিযোগটা খুবই সোজাসাপটা, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ১০.১-এ তিনটি অ্যাপ্লিকেশন সংযুক্ত আছে—যার প্যাটেন্ট অ্যাপলের মালিকানাধীন।’ অ্যাপল ইনকরপোরেশনের আইনজীবী স্টিভেন বার্লির অভিযোগ।এই অভিযোগের ভিত্তিতে অ্যাপল অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতে আবেদন করেছে, যেহেতু এতে অ্যাপলের স্বার্থহানীর আশঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে অ্যাপলের ব্যবসায়িক ক্ষতির, তাই আদালত যেন অনতিবিলম্বে অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাবের (১০.১) বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন।গত এপ্রিল মাস থেকে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে বিবিধ বিষয় নিয়ে আইনি লড়াই চলে আসছে। এপ্রিলে অ্যাপল অভিযোগ করে, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব অনেক ফিচারেই আইপ্যাডের হুবহু নকল। তারা স্যামসাংয়ের বিরুদ্ধে প্যাটেন্ট চুরিরও অভিযোগ আনে। স্যামসাংও জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে একই অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে।সারা পৃথিবীতে ট্যাবলেট পিসির বাজারের শতকরা ৭৩ ভাগ দখল করে আছে অ্যাপলের আইপ্যাড। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের জরিপ অনুযায়ী, গুগল ইনকরপোরেশনের উদ্ভাবিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তৈরি ট্যাবলেট পিসিগুলো দখল করেছে ১৭ শতাংশ বাজার। এদের মধ্যে স্যামসাংয়ের ট্যাবলেট পিসি ব্র্যান্ড গ্যালাক্সি ট্যাবও রয়েছে।এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত অ্যাপলের অভিযোগের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাব (১০.১) বিক্রির ওপর একটি নিষেধাজ্ঞাও জারি করেছেন। রয়টার্স।