যুক্তরাজ্যের ম্যানচেস্টার রয়াল হাসপাতালের শল্যচিকিৎসকেরা সম্প্রতি দাবি করেছেন, তাঁরা প্রথমবারের মতো অস্ত্রোপচার (অপারেশন) করার সময় একটি পূর্ণ ত্রিমাত্রিক প্রক্ষেপণ (প্রজেকশন) ব্যবস্থা ব্যবহার করে সফল হয়েছেন। জন গ্রিন (৬২) নামে এক ব্যক্তির প্রোস্টেট অপসারণের সময় তাঁরা এই প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেছেন। অস্ত্রোপচার চলার সময় দলটি ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির পুরো ছবিটা দেখার জন্য বিশেষ ধরনের চশমা পরে। চিকিৎসকেরা বলেন, রোবটবিজ্ঞান এবং ত্রিমাত্রিক প্রযুক্তির সমন্বয়ে আরও অনেক বড় অস্ত্রোপচারও করা সম্ভব। অস্ত্রোপচারের সময় একটি হাই ডেফিনেশন পর্দায় বহনযোগ্য রোবোটিক হাতের ত্রিমাত্রিক ছবি দেখা যায়। গত মার্চ মাসে স্টকপোর্টের স্টেপিংহিল হাসপাতালে প্রথমবারের মতো এই হাত ব্যবহার করা হয়। ম্যানচেস্টার রয়াল হাসপাতালের মুখপাত্র ড্যান বার্ক বলেন, ‘এই ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের ফলে পেশি ও স্নায়ুর সমস্যার ঝুঁকি অনেকাংশে কমে যায়। আর সবচেয়ে বড় কথা, এই রোবোটিক এবং ত্রিমাত্রিক প্রযুক্তি একজন চিকিৎসককে সঠিকভাবে কাজ করার ব্যাপারে বড় ধরনের সুযোগ করে দেয়। চিকিৎসকদের ক্লান্তিভাব দূর করতেও এই প্রযুক্তি সহায়তা করবে।’ ড্যান বার্ক এ প্রসঙ্গে আরও বলেন, ‘অপারেশনের ক্ষেত্রে এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আমরা ভীষণ উৎসাহিত। অনেক সহকর্মীই এ ধরনের অপারেশনে আস্থা অর্জন করেছেন। শুধু তা-ই নয়, এর ফলে জাতীয় স্বাস্থ্যসেবা অনেক বেশি লাভবান হবে এবং রোগীরা সঠিক ও গুণগত সেবা উপহার পাবে।’ —বিবিসি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা