অস্বাভাবিকভাবে গলছে গ্রিনল্যান্ডের বরফ! (ভিডিও)
জুলাই মাসের শুরু থেকেই অস্বাভাবিক দ্রুততার সঙ্গে গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের ভূপৃষ্ঠের বিশাল বরফের স্তর। গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থান হিসেবে পরিচিত সামিট স্টেশনেও বরফ গলে যাওয়ার তথ্য গবেষকেদের হাতে এসেছে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার গবেষকেদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।নাসার ‘অ্যাকুয়া’ উপগ্রহের তোলা ছবি বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, আকস্মিকভাবে বেড়েছে গ্রিনল্যান্ডের বিশাল এলাকাজুড়ে বরফ গলার হার যা, গত তিন দশকের মধ্যে সর্বাধিক। জুলাই মাসের ৮ তারিখ থেকে বরফ গলে যাওয়ার বিষয়টি নজরে আসে গবেষকদের।বিশাল বরফের স্তর গলে যাওয়ার এমন ঘটনা ১৫০ বছরে একবার ঘটে। সর্বশেষ ঘটেছিল ১৮৮৯ সালে। গবেষকেরা জানিয়েছেন, গ্রিনল্যান্ডে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত বরফ গলে যাওয়ার তথ্য তাঁদের কাছে রয়েছে। এবার পুরো আইসল্যান্ডের বরফের স্তর গলে যাওয়ার ঘটনা দেখে তাঁরা চিন্তিত।নাসার গবেষক ওয়ালিদ আবদালাতি এ প্রসঙ্গে জানিয়েছেন, গ্রিনল্যান্ডের যেসব অঞ্চলে সাধারণত স্বাভাবিকভাবে বরফ গলতে দেখা যায় না, সেসব অঞ্চলে বরফ গলার দৃশ্য দেখে আমরা আঁতকে উঠি এবং কেন এটা ঘটছে, তা নিয়ে ভাবতে বসি। এটা বড় কোনো ঘটনার সংকেত। এটা প্রাকৃতিক নাকি মনুষ্যসৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের ফল, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।নাসার গবেষকেরা জানিয়েছেন, গ্রীষ্মকালে এখানকার ভূপৃষ্ঠের বরফ স্তরের অর্ধেকটা গলে যায়, তবে এ বছর বরফ গলার হার বিজ্ঞানীদের বিস্মিত করেছে। তাঁরা এটাকে ‘অস্বাভাবিক’ বলছেন। এ ধরনের ঘটনা ভবিষ্যতে উদ্বেগ বাড়াবে বলেই আশঙ্কা করছেন তাঁরা। ১৮ জুলাই গ্রিনল্যান্ডের পিটারম্যান হিমবাহের ৪৬ বর্গমাইল আয়তনের বিশাল একটি অংশ ধসের পর মার্কিন বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের সামিট স্টেশন পর্যন্ত পুরো বরফপৃষ্ঠ গলে যাওয়ার এ তথ্য জানিয়েছেন। এদিকে, হিমবাহে ধস নামা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, শিল্পায়ন ও পরিবেশের উষ্ণতা বাড়ার কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে হিমশৈল গলে যাচ্ছে।