অ্যাংরি বার্ডসের পর রোভিওর নতুন গেম
অ্যাংরি বার্ডস ভিডিও গেমটির নির্মাতা রোভিও এবারে অ্যাংরি বার্ডস ছাড়া অন্য আরেকটি গেম উন্মুক্ত করছে। নতুন গেমটির নাম ‘অ্যামেজিং অ্যালেক্স’। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। নতুন গেমটিতে গেমারকে স্ক্রিন বা পর্দায় দেখানো বিভিন্ন বস্তু সাজাতে হবে আর সাজানো ঠিকভাবে হলে বস্তুগুলোর মধ্যে চেইন-রি-অ্যাকশন ঘটবে এভাবে গেমটিতে প্রতিটি ধাঁধা পেরিয়ে আরেক ধাপে যাওয়া যাবে। পদার্থবিদ্যার নিয়ম-নীতির অনুসরণে তৈরি এ গেমটি খেলতে গেমারকে প্রধান চরিত্রের খেলনাগুলো মুক্ত করার জন্য কাজ করতে হবে।২০১১ সালে যুক্তরাষ্ট্রের গেম নির্মাতা নোয়েল লিওপিস তৈরি করেছিল গেমটি। কিন্তু সে সময় এটি তেমন জনপ্রিয়তা পায়নি। ২০১২ সালের শুরুতেই গেমটি কিনে নিয়েছিল রোভিও। সম্প্রতি গেমটিকে ‘অ্যামেজিং অ্যালেক্স’ নামে নতুন করে অ্যাপ্লিকেশন হিসেবে চালু করছে ফিনল্যান্ডের গেম নির্মাতা এ প্রতিষ্ঠানটি ।