অ্যাই, পানি গরম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিদিন গোসল করা। তীব্র ঠান্ডার কথা চিন্তা করে অনেকেই সকালের এই গোসল এড়িয়ে যান। অথচ একটু চেষ্টা করলেই কিন্তু গোসল আনন্দদায়ক করে ফেলা যায়। গরম করে ফেলা যায় হিম হিম ঠান্ডা পানিও। এই শীতে পানি গরম করার কয়েকটি পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি। আরাম করে গোসল করুন, স্মার্ট থাকুন।
পানির বালতি নিয়ে দৌড়াতে থাকুন
দৌড়ালে শরীর গরম হয়, কাজেই পানিসহ দৌড়ালে পানিও গরম হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক বালতি পানি নিয়ে দৌড়ে আসুন। এরপর ওই গরম পানি দিয়ে গোসল সেরে ফেলুন।
আরে, মতিন ভাই যে! কালকে না পাতিল নিয়া দৌড়াইতেছিলেন, আজকে ট্যাংক নিয়া কই যান?

আজকে বাসার সবাই গোসল করব তো, তাই...।

.
.

গোসলের আগে ভালো করে পানি ঘষে নিন
গোসল করার আধা ঘণ্টা আগে বাথরুমে ঢুকে হাত দিয়ে পানি ঘষতে শুরু করুন। কাঠে কাঠে ঘষা লেগে যদি আগুন জ্বলতে পারে, তাহলে পানিও গরম হয়ে যাবে। আধা ঘণ্টা পর পানি কুসুম কুসুম গরম হলেই আরাম করে গোসল করে ফেলুন।
ভাবি, ও ভাবি, আপনাগো বাথরুমে আগুন লাগছে ক্যামনে!
আর বইলেন না, আপনাদের ভাইগ্না ডেইলি পানি ঘইষা ঘইষা গরম করে, আজকে মনে হয় বেশি ঘইষা ফালাইছে!

.
.

পানিকে লেপের নিচে রাখুন
রাতে ঘুমানোর সময় এক বালতি পানি লেপের নিচে সঙ্গে নিয়ে ঘুমাবেন, সকালে উঠে টগবগে গরম পানি পাবেন।
ভাবি, পোলা তো বড় হইছে, বিয়াডা দিয়া ফালান এইবার।
আর বিয়া! এই পোলা প্রতিদিন ঘুমাইতে গেলে দুই গামলা পানি লেপের তলে নিয়া ঘুমায়। তারে বিয়া করব কে!

.
.

পানির ট্যাংকের নিচে মোমবাতি জ্বালিয়ে দিন
সকালবেলা ঘুম থেকে উঠেই পানির ট্যাংকের নিচে বেশ কটা মোমবাতি জ্বালিয়ে দিন, এরপর কল ছাড়ুন। এতে করে ওই ট্যাংক থেকে যত পানি আসবে সবই মোমের আগুনের তাপে গরম হয়ে বের হবে।
আসুন, আসুন, গোসল করুন! একজন ১০ টাকা, দুজন ২০ টাকা। তিনজন গোসল করলে একজন ফ্রি!
তুই আমার পিছে লুকায় থাক, দেইখা ফালাইলে ১০ টাকা বেশি দেওন লাগব!

.
.

গোসলের আগে ফ্রিজের ভেতরে বসে থাকুন
গোসলের আগে ৩০ মিনিট ডিপফ্রিজের ভেতরে বসে থাকুন। এতে করে আপনার শরীর অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে, ফলে বাইরের যেকোনো পানিই তখন গরম মনে হবে। কনকনে ঠান্ডা পানিতে হাত দিলেও মনে হবে কুসুম কুসুম উষ্ণ পানি।
মানুষ ফ্রিজ খুললে আপেল, কমলা, জুস কত কিছু পায়, আমি পাই ‘আব্বা’!
তা–ও তো ভালো, পরিচিত মানুষ। আমাগো ফ্রিজ তো এই মৌসুমে ভাড়া দিয়া দিছে! কালকে খুইলা দেখি এলাকার কসাই ছুরি হাতে আরাম কইরা ঘুমাইতাছে!