অ্যাঙ্গরি বার্ডস এবার মহাকাশে!
আইফোনের জনপ্রিয় গেম অ্যাঙ্গরি বার্ডসের নতুন সংস্করণ আনছে ইউরোপের গেম ও এন্টারটেইনমেন্ট মিডিয়া রোভিও। গেমটির নতুন সংস্করণে মহাশূন্যের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে। যার অর্থ, এবারে অ্যাঙ্গরি বার্ডস খেলা যাবে মহাশূন্যের পরিবেশে। রোভিও অ্যাঙ্গরি বার্ডসের নতুন সংস্করণটির নাম দিয়েছে ‘অ্যাঙ্গরি বার্ডস স্পেস’। ২২ মার্চ গেমটির নতুন সংস্করণ উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি টাইম অনলাইন এক খবরে এ তথ্য দিয়েছে।গেম নির্মাতা রোভিও বিভিন্ন মৌসুমেই অ্যাঙ্গরি বার্ডস গেমটির বিভিন্ন সংস্করণ উন্মুক্ত করে। এবারের মৌসুমে গেমটির জন্য মহাকাশের পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেই জানিয়েছেন রোভিওর জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু স্ট্যালবো। অ্যাঙ্গরি বার্ডস গেমটি তৈরিতে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সঙ্গে চুক্তিও করেছে রোভিও। এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটি নাসার তোলা মহাকাশের ছবি ব্যবহার করতে পারবে। এ ছাড়া নতুন গেমটিতে অ্যাঙ্গরি বার্ডসের সর্বশেষ সংস্করণ ‘অ্যাঙ্গরি বার্ডস রিও’-এর মতোই লেভেল রেটিং পদ্ধতি থাকবে বলে এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে রোভিও।উল্লেখ্য, ২০০৯ সালে অ্যাঙ্গরি বার্ডস গেমটি অ্যাপলের আইফোনের অ্যাপ্লিকেশন হিসেবে প্রথমবার উন্মুক্ত করেছিল রোভিও। এখন পর্যন্ত ৭০ কোটি বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে অ্যাঙ্গরি বার্ডস গেম। গেমটি বিষয়ে আরও তথ্য জানা যাবে নিচের ঠিকানায়।http://space.angrybirds.com/teaser1/