অ্যাডব্লকারে আটকাবে না, জোর করে বিজ্ঞাপন দেখাবে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে অ্যাডব্লক এক্সটেনশন ব্যবহার করেও কোনো লাভ হবে না।
এখন থেকে অ্যাডব্লক এক্সটেনশন ব্যবহার করেও কোনো লাভ হবে না।

ইউটিউবসহ ইন্টারনেটের বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন ঠেকাতে জনপ্রিয় এক্সটেনশন অ্যাডব্লক ব্যবহার করেন অনেকেই। গুগল তাদের ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনটিকে অকার্যকর করে দিচ্ছে। অর্থাৎ, এখন থেকে অ্যাডব্লক এক্সটেনশন ব্যবহার করেও কোনো লাভ হবে না। এটি থাকলেও পূর্ণ দৈর্ঘ্যের ভিডিও বিজ্ঞাপনটি দেখতে হবে।

২০০৬ সালে ওয়াডিমির পালান্ট এই অ্যাডব্লক প্লাস তৈরি করেন। ইন্টারনেটে হোস্ট করা বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন ঠেকাতে এই টুলটি দারুণ জনপ্রিয়।
এই সফটওয়্যারটির ব্যবহার নিয়ে অবশ্য বিজ্ঞাপনদাতা ও ওয়েবসাইট মালিকদের ব্যাপক ক্ষোভ। কারণ, বিজ্ঞাপন প্রদর্শন করতে না পারলে অর্থ আয় হয় না তাদের। গুগল তাই এবারে এ ধরনের সব এক্সটেনশনকে পাশ কাটিয়ে পূর্ণ দৈর্ঘ্য ভিডিও প্রদর্শনের পদ্ধতি আনার কথা জানাল। বিষয়টি নিয়ে অনেক অ্যাডব্লক প্লাস ব্যবহারকারী টুইটারে টুইট করেছেন।

গুগল ক্রোমিয়াম প্রকল্পের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ আনতে গিয়ে এটা করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, জোর করে বিজ্ঞাপন দেখানোর গুগলের এই সিদ্ধান্তে প্রকাশকেরা হয়তো খুশি হবেন কিন্তু ব্যবহারকারীদের হাতের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হল।

বিরক্তিকর বিজ্ঞাপন না দেখেই ওয়েব ব্রাউজিং কিংবা অনলাইনে ভিডিও দেখার জন্য আছে অ্যাড ব্লক করার নানা সফটওয়্যার। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এখন অ্যাড ব্লক প্লাসের মতো ছোট ছোট কিছু প্রোগ্রামের জন্য বিজ্ঞাপন না দেখেই ভিডিও দেখা বা ওয়েবসাইট ব্রাউজ করা সম্ভব হচ্ছে। অ্যাড ব্লক প্লাসের মতো বিনা মূল্যের সফটওয়্যারগুলো আপনার ব্রাউজারের বিজ্ঞাপন প্রদর্শনের পথ রোধ করে দিতে পারে। ফ্ল্যাশিং ব্যানার অ্যাড, প্রি-রোল অ্যাড, পপ-আপ নোটিশের মতো বিজ্ঞাপনগুলো এখন অ্যাড ব্লকিং সফটওয়্যারের কারণেই জনপ্রিয়তা হারিয়েছে।

শুরুর দিকে অবশ্য এই অ্যাড ব্লকিং সফটওয়্যারগুলো এতটা জনপ্রিয় ছিল না। প্রযুক্তিপ্রেমী তরুণেরা বা প্রযুক্তি বিশেষজ্ঞরাই কেবল নিজেদের সুবিধার জন্য এই সফটওয়্যার ব্যবহার করতেন। কিন্তু এখন এই সফটওয়্যারগুলো তুমুল জনপ্রিয়। বিশ্বব্যাপী ১৪ কোটি ৪০ লাখেরও বেশি সক্রিয় ব্যবহারকারী এ ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ইন্টারনেট ব্যবহারকারীরা হয়তো বিজ্ঞাপনমুক্তভাবে ওয়েবসাইট ব্রাউজিং করার কথা ভাবেন। কিন্তু বিজ্ঞাপনদাতা ও ওয়েব প্রকাশকেরা তাঁদের আয়ের জন্য ওই বিজ্ঞাপনের ওপরেই নির্ভর করেন। তাঁদের কাছে তাই এই অ্যাড ব্লক করার সফটওয়্যারগুলো এখন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।

ইন্টারনেট বিজ্ঞাপনের এই বিশাল বিনিয়োগ রক্ষার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান।

অ্যাড ব্লকারদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ফ্রান্সের ওয়েব ডেভেলপারদের সংগঠন এসআরআই। প্রতিষ্ঠানটির প্রধান হেলেন চার্টার বলেন, ইন্টারনেট যে একেবারেই বিনা মূল্যের, ব্যবহারকারীদের এই ভুল ধারণা দূর করতে হবে। রেডিও ও টেলিভিশনে এত বিজ্ঞাপন দেখে-শুনে যখন কোনো সমস্যা হচ্ছে না, তখন ইন্টারনেটে সবকিছু বিনা মূল্যে পাওয়া যাবে-এটা ধরে নেওয়া ঠিক হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞাপন না দেখার হার বেড়ে যাওয়া এবং মোবাইলে বিজ্ঞাপনের জন্য জায়গা ছোট হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন বিজ্ঞাপনদাতারা। তাঁদের বার্তাটিকে ঠিকমতো পৌঁছাতে পারছেন না। এই সমস্যা এতটাই প্রকট হয়ে দেখা দিয়েছে যে, গুগলকে পর্যন্ত এখন ভিন্নপথে হাঁটতে হচ্ছে। (উবারগিজমো, নিওউইন)