অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের জন্য আদর্শ স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে সবকিছুতেই চলে প্রতিযোগিতা। কে ভালো ছাত্র, কে ভালো গায়ক, কে ভালো পাত্র আর কে ভালো নায়ক—এসব নিয়ে প্রতিযোগিতা তো আছেই, এখন পৃথিবীর শহরগুলো নিয়েও প্রতিযোগিতা শুরু হয়েছে! বসবাসের জন্য কোন শহর সেরা, কোনটা উপযুক্ত নয়—এসব নিয়েও চলছে হিসাব-নিকাশ। এই তো কদিন আগের কথা; বসবাসযোগ্য শহরগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় আমাদের প্রাণের শহর ঢাকার অবস্থান ১৩৯ নম্বরে। কী দারুণ একটা ব্যাপার! সেঞ্চুরি পার করে ডবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকা। কিন্তু তালিকায় শহরই আছে ১৪০টি, তাই আর বেশি দূর যাওয়া হয়নি। তা ছাড়া কথায় আছে ‘আগে গেলে বাঘে খায়’। সুন্দরবনে এখনো তিন-চার শ বাঘ আছে। ঢাকা শহরের হর্তাকর্তারাও হয়তো সেসব বাঘের ভয় পেয়েছিলেন। তাই ইচ্ছা করেই শহরের উন্নয়ন না করে বসবাসযোগ্য শহরের তালিকার শেষে পৌঁছে দিয়েছেন ঢাকাকে। ঢাকার এই অধঃপতন কেউই মেনে নিতে পারছেন না। অনেকে তো মনের দুঃখে একেবারে রানা প্লাজার মতো ভেঙে পড়েছেন। অদ্ভুত ব্যাপার! মানুষ যে আসলে কী চায় তা বোঝা অত্যন্ত কঠিন কাজ। বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৩৯ নম্বরে থাকায় সবাই ক্ষুব্ধ। সবার একই কথা, প্রথম কেন হলো না! অথচ দুর্নীতিতে যখন বাংলাদেশ প্রথম হলো, তখনো সবাই ক্ষুব্ধ হয়ে বলেছিল প্রথম হলো কেন? কেন সবার শেষ হতে পারল না? কী বিপদ! তবে বসবাসের অযোগ্য শহর হলেও ঢাকাকে পর্যটন নগর হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব। বিশ্বের অনেক দেশের মানুষের মধ্যেই আনন্দ, উত্তেজনা, অ্যাডভেঞ্চারের অভাব আছে। অ্যাডভেঞ্চার, থ্রিল পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অনেক। মানুষ অ্যাডভেঞ্চারের জন্য আমাজন জঙ্গলে যায়। ঢাকা তো অনেক ক্ষেত্রে আমাজনের চেয়েও ভয়ংকর! তাই, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মতো ‘ম্যান ভার্সেস ঢাকা’ নামেও রিয়েলিটি শো আয়োজন করা যায়। অ্যাডভেঞ্চারপ্রেমীদের নিয়েই একটা প্রতিযোগিতা হতে পারে। প্রতিযোগীদের ঢাকায় এসে বসবাস করতে হবে। অফিস টাইমে ফার্মগেট থেকে বাসে উঠতে হবে, বাজারে গিয়ে ফরমালিনমুক্ত মাছ, কেমিক্যালমুক্ত ফল চিহ্নিত করে কিনতে হবে। জ্যাম পেরিয়ে কম সময়ে রামপুরা থেকে যাত্রাবাড়ী যেতে হবে। অন্ধকার গলিতে ম্যানহোলে না পড়ে গন্তব্যে পৌঁছাতে হবে, এমন আরও কত কী! যে ঢাকা শহরে বসবাস করতে পারবে, সেই হবে বিজয়ী! এটা নিশ্চিত যে দু-একদিন ঢাকায় থাকলেই প্রতিযোগীরা গেয়ে উঠবে—ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে।