অ্যাডা লাভলেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনিশ শতকের নজরকাড়া উদ্ভাবনগুলোর একটি ছিল গণিতবিদ ও দার্শনিক চার্লস ব্যাবেজের ডিফারেন্স মেশিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যন্ত্রকে আধুনিক গণনাযন্ত্র বা কম্পিউটারের ভিত্তি বলা হয়। এর উদ্ভাবক ব্যাবেজ হলেও এই যন্ত্রে প্রাণ সঞ্চার করেছিলেন ইংরেজ লেখিকা ও শখের গণিতবিদ অগাস্টা অ্যাডা লাভলেস। ১৮১৫ সালে জন্মগ্রহণ করা অ্যাডার বাবা কবি লর্ড বায়রন। কিশোরী বয়সে অসুস্থতার দরুন পক্ষাঘাতে ভুগছিলেন অ্যাডা। ক্রাচে ভর দিয়ে মায়ের উৎসাহে পড়াশোনা চালিয়েছেন অ্যাডা। ঘরের শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করেন তিনি। তাঁর শিক্ষকদের মধ্যে বিখ্যাত ছিলেন গণিতবিদ অগাস্টাস দে মর্গান। মাইকেল ফ্যারাডের মতো বিজ্ঞানীর সঙ্গে তাঁর পরিচয় ছিল। তাঁর গাণিতিক দক্ষতার দরুন চার্লস ব্যাবেজ তাঁকে ‘সংখ্যার জাদুকর’ উপাধি দেন। তিনি ১৮৪২-৪৩ সালে ইতালীয় গণিতবিদ লুইজি মেনাবেয়ারের রচনা অ্যানালিটিক্যাল যন্ত্রের জন্য অনুবাদ করেন। শুধু অনুবাদই করেননি, যুক্ত করেছিলেন নিজের মতামত এবং ইঞ্জিনের জন্য অ্যালগরিদম। তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য বার্নুলি সংখ্যা গণনা করতে একটি অ্যালগরিদম বর্ণনা করেন। এই অ্যালগরিদমকেই প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়। অ্যাডা লাভলেসের জীবদ্দশায় চার্লস ব্যাবেজের বিখ্যাত অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন বাস্তবে রূপান্তরিত হয়নি। সেই ইঞ্জিন তখন তৈরি করতে না পারলেও আজকের আধুনিক কম্পিউটারের মূলে রয়েছে সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যার প্রাণ দিয়েছিলেন অ্যাডা। ক্ষণজন্মা এই প্রতিভাবান লেখিকা মাত্র ৩৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে ১৮৫২ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। গণনা ও প্রোগ্রামিংয়ে অ্যাডা লাভলেসের অবদানের জন্য মার্কিন প্রতিরক্ষা বাহিনী একটি প্রোগ্রামিং ভাষার নামকরণ করে অ্যাডা।জাহিদ হোসাইন