অ্যাডা লাভলেস ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত
নারী প্রোগ্রামারদের উৎসাহিত করতে এবং কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেসের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো অ্যাডা লাভলেস ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট-২০২১। গত শুক্রবার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা আশুলিয়া ক্যাম্পাসে আয়োজিত এ কনটেস্টের বিজয়ী দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম ‘বুয়েট-এ টিম হ্যাজ নো নেম’।
কনটেস্টে দ্বিতীয় স্থান অধিকার করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম রিসাইকেল বিন এবং তৃতীয় স্থান অধিকার করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ডোনাট ওরি। এর আগে গত ১৯ নভেম্বর সারা দেশ থেকে মেয়েদের ১৮৭টি দল নিয়ে কনটেস্টের প্রিলিমিনারি পর্ব অনুষ্ঠিত হয়। মোট ৭২টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা ঢাকায় এসে দিনভর প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যপক এবং সহযোগী প্রধান ড. শেখ রাশেদ হায়দার নূরী, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এবং ইএসডিজিফরবিডি প্রকল্পের প্রকল্প পরিচালক জাহানারা আমির।
দক্ষ নারী প্রোগ্রামার তৈরির লক্ষ্যে প্রতিবছর ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করে থাকে বিডিওএসএন। এ বছরের আয়োজনের সার্বিক সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অনলাইন প্ল্যাটফর্ম-টফ ও একাডেমিক পার্টনার আরডেন্ট। মূলত প্রযুক্তিভিত্তিক কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বিডিওএসএনের ইএসডিজিফরবিডি প্রকল্পের আওতায় আয়োজিত হয় এ ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট। বিজ্ঞপ্তি