অ্যাডোবির প্রায় ৪ কোটি গ্রাহকের তথ্য বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাফিকস সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাডোবির নিবন্ধিত তিন কোটি ৮০ লাখ গ্রাহকের তথ্য বেদখল হয়েছে। সম্প্রতি নিজেদের তথ্য বেদখল হওয়ার এ খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। হ্যাকাররা অ্যাডোবির ডেটাবেইসে থাকা সক্রিয় গ্রাহকদের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করে ফেলেছে। সক্রিয় এ গ্রাহকদের পাশাপাশি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় এমন অনেক গ্রাহকেরও তথ্য বেদখল হয়ে গেছে। এতে নিবন্ধিত গ্রাহকদের ব্যক্তিগত ক্রেডিট কার্ডের গোপনীয় তথ্য প্রকাশিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু গ্রাহকদের তথ্যই নয়, অ্যাডোবির তৈরি ছবি তোলার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের সোর্স কোডও চুরি হয়েছে বলে জানিয়েছেন অ্যাডোবির কর্মকর্তারা। ফটোশপ ছাড়া পিডিএফ করার সফটওয়্যার অ্যাক্রোবেড পিডিএফ, ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েশনের কোল্ডফুশন সফটওয়্যারের সোর্স কোডও বেদখল হয়েছে। এত বড় বিপর্যয়ে এবারই প্রথম পড়েছে অ্যাডোবি।

অ্যাডোবির একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা গ্রাহকদের বেদখল হওয়া তথ্য উদ্ধারের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের কাজ করে যাচ্ছি।’ তবে তিন কোটি নয় মাত্র ২৯ লাখ গ্রাহকের তথ্য চুরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া হ্যাকাররা খুব বেশি তথ্য চুরি করতে পারেনি বলেও দাবি তাঁর। সব মিলিয়ে বর্তমানে অ্যাডোবির নিবন্ধিত গ্রাহকসংখ্যা তিন কোটি ৫১ লাখ। অ্যাডোবির দাবি, শুধু নিবন্ধিত গ্রাহকদের ইউজার নেম এবং পাসওয়ার্ডই বেদখল হয়েছে বাকি আর গোপনীয় বাকি সব তথ্যই নিরাপদে আছে। এসব তথ্য উদ্ধারে অ্যাডোবি কাজ করছে, তবে নিরাপদ থাকার স্বার্থে যত দ্রুত সম্ভব নিবন্ধিত ব্যবহারকারী বিভিন্ন পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।—বিবিসি অবলম্বনে কাজী আলম