অ্যানড্রয়েড রাজ্যে উইন্ডোজের হানা!

এশিয়ার মোবাইল ফোনের বাজারে অ্যানড্রয়েডের আধিপত্য। বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, এই বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনের বিশাল সম্ভাবনা রয়েছে। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এশিয়ায় ভারতের স্মার্টফোন বাজারকে সম্ভাবনাময় ধরা হয়। এ বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাত্ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে ভারতের স্মার্টফোন বাজারের ৯০ শতাংশ ছিল অ্যানড্রয়েডের দখলে। উইন্ডোজ ফোনের দখলে ছিল মাত্র পাঁচ শতাংশ। বাকি পাঁচ শতাংশ ছিল অ্যাপল, ব্ল্যাকবেরিসহ অন্যদের দখলে।
বাজারবিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অধিকাংশ মানুষ সাশ্রয়ী দামের অ্যানড্রয়েডনির্ভর স্মার্টফোন কেনেন বলে অ্যানড্রয়েড তার আধিপত্য বজায় রেখেছে। এ অঞ্চলের অলসংখ্যক মানুষ অ্যানড্রয়েডের বাইরে চিন্তা করেন। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে আইফোনের চাহিদা বাড়ছে, আর অ্যানড্রয়েডের জনপ্রিয়তা কমছে। চলতি বছরের জুলাই মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে আইফোনের চাহিদা বেড়ে ৪৩ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। তবে এশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম ছয় মাসে উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা বেড়েছে খুব সামান্য।
যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান ওভামের গবেষকেরা জানান, ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়াকে মাইক্রোসফট কিনে নেওয়ার সিদ্ধান্তটি সঠিক সময়েই এসেছে। মাইক্রোসফট এখন বাজার দখলের সুযোগ নিতে পারবে।
এদিকে, কানটার ওয়ার্ল্ডপ্যানেল নামের একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে প্রথমবারের মতো অ্যানড্রয়েডের জনপ্রিয়তায় কিছুটা কমতি দেখা গেছে। অ্যানড্রয়েডের এই পড়তি বাজারে মাইক্রোসফটের সম্ভাবনা উজ্জ্বল।
বাজারবিশ্লেষকদের মতে, এশিয়ার স্মার্টফোনের বাজার অনেক বড় এবং দ্রুত প্রসারিত হচ্ছে এই বাজার। এশিয়ার বাজারে নকিয়া একটি বড় ব্র্যান্ড। বাজারের একটা বড় অংশ দখলে রেখেছে নকিয়া। মাইক্রোসফট যদি অ্যানড্রয়েডের দুর্বলতা খুঁজে বের করে বিভিন্ন দামের স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনতে পারে, তবে এই বাজার দখল করতে পারবে।
বাজারবিশ্লেষকেরা বলছেন, সারা বিশ্বে উইন্ডোজ ফোন দিয়ে এখন পর্যন্ত মাইক্রোসফট মাত্র তিন থেকে চার শতাংশ বাজার দখল করতে পেরেছে। নকিয়া কিনে নেওয়ার পর যদি ১৫ শতাংশ বাজারের দখল নিতে পারে, তবে মাইক্রোসফটের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য অর্জন হিসেবে ধরা হবে।