অ্যানোনিমাসের সদস্য সন্দেহে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল
ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশন গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ থেকে অ্যানোনিমাসের সদস্য সন্দেহে ২৫ জনকে গ্রেপ্তার করেছে। সিএনএন এক খবরে এ তথ্য দিয়েছে। অবশ্য, ইন্টারপোল এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এক সাইবার হামলায় ইন্টারপোলের ওয়েবসাইটটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এদিকে টুইটারে ইন্টারপোল ওয়েবসাইটে এ হামলার দায় স্বীকার করেছে অ্যানোনিমাস।ইন্টারপোলের বরাতে সিএনএন জানিয়েছে, ‘অপারেশন আনমাস্ক’ নামে একটি অভিযান চালিয়েছিল সংস্থাটি। অ্যানোনিমাসের সদস্য সন্দেহে আটক করা ব্যক্তিরা আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও স্পেনের নাগরিক। তাদের বয়স ১৭ থেকে ৪০ বছরের মধ্যে। সন্দেহভাজনদের কাছ থেকে ২৫০টি হ্যাকিং উপকরণ জব্দ করা হয়েছে।ইন্টারপোল জানিয়েছে, এ গ্রুপটির সদস্যরা কলাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির ওয়েবসাইট, চিলির এনডেসা ইলেকট্রিক কোম্পানি ও জাতীয় লাইব্রেরিসহ আরও বেশকিছু ওয়েবসাইট হ্যাকিং করেছিল। তাই তাদের সন্দেহভাজন হিসেবে নিজ নিজ দেশে গ্রেপ্তার দেখানো হয়েছে।উল্লেখ্য, ইন্টারপোলের সদস্যারা কোনো দেশে গিয়ে সরাসরি কাউকে গ্রেপ্তার করতে পারে না। সংশ্লিষ্ট দেশের আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তায় অ্যানোনিমাসের সদস্যদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।