অ্যান্ড্রয়েড-আইফোনে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিএম ব্যবহার করে ছয় কোটি মানুষ
বিবিএম ব্যবহার করে ছয় কোটি মানুষ

মোবাইলফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি এবার নিজেদের জনপ্রিয় ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার (বিবিএম) সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত স্মার্টফোনের জন্য উন্মুক্ত করছে। সম্প্রতি ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ও আইফোনে বিনা মূল্যে বিবিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে।বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে বিবিএম ব্যবহারের সুযোগ দিয়ে স্কাইপ ও হোয়াটস আপ অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। খুব শিগগির অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা বিবিএম ব্যবহারের সুযোগ পাবেন। বিবিএমের মাধ্যমে বার্তা ও ছবি পাঠানোর সুবিধার পাশাপাশি থাকছে বিনা মূল্যে ভিডিও কল ও ভয়েস কল করার সুবিধা। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স বলেন, ‘বর্তমানে প্রায় ছয় কোটি ব্যবহারকারী বিবিএম ব্যবহার করছেন। আমরা আশাবাদী, অন্য প্ল্যাটফর্মগুলোয় এ সুবিধা পেলে এর ব্যবহারকারী আরও বাড়বে।’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আইসক্রিম স্যান্ডউইচ ও এর পরবর্তী সংস্করণ এবং আইওএসের ক্ষেত্রে ৬ ও এর পরবর্তী সংস্করণের ব্যবহারকারীরা বিবিএম ব্যবহার করতে পারবেন। তবে নিজেদের জনপ্রিয় এ সুবিধা কেন অন্যদের প্ল্যাটফর্মে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, সে বিষয়টি নিয়ে রয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, এতে করে ব্ল্যাকবেরির স্মার্টফোন বিক্রিতে বড় একটি প্রভাব পড়তে পারে; যদিও এতে দ্বিমত রয়েছে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহীর। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা স্মার্টফোনের সঙ্গে টিকে থাকতে নানা ধরনের উদ্যোগের মধ্যে এটি একটি বলে মনে করছে ব্ল্যাকবেরি। নতুন এ সুবিধার ফলে বিবিএম ব্যবহার করে ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে বিনা মূল্যে যোগাযোগ রাখতে পারবেন। এটি ব্যবহারকারীদের জন্য সুখবরই বটে। —বিবিসি অবলম্বনে কাজী আলম