অ্যান্ড্রয়েড ও আইফোনে আসছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ব্ল্যাকবেরি তাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ও আইফোনে বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোতে ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে স্কাইপি, হোয়াটস অ্যাপের মতো সেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ও আইফোনের ডাউনলোডের জন্য শিগগিরই উন্মুক্ত করা হবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বার্তা, ছবি পাঠানোর সুবিধার পাশাপাশি আরও বেশকিছু সুবিধা থাকছে। বিনামূল্যে ভিডিও কল, ভয়েস কলের সুবিধাও থাকবে এ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স সম্প্রতি জানিয়েছেন, বর্তমানে ছয় কোটি ব্যবহারকারী ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সক্রিয়ভাবে ব্যবহার করেন। অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলোতে এবং আইওএস ৬ প্ল্যাটফর্মে ব্ল্যাকবেরি মেসেঞ্জার ব্যবহার করা যাবে। তবে উইন্ডোজ ফোনে এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে কী-না সে তথ্য জানায়নি ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। ব্ল্যাকবেরির এ সিদ্ধান্ত তাদের স্মার্টফোন বিক্রিতে প্রভাব ফেলবে না বলেও মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হেইন্স। অবশ্য প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, ব্ল্যাকবেরির জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ব্ল্যাকবেরি স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে আগ্রহ ধরে রেখেছিল। এক্ষেত্রে ব্ল্যাকবেরির সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকেরা যাই ধারণা করুন, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্ল্যাকবেরির সিদ্ধান্ত যে দারুণ সুবিধা তৈরি করবে তা বলাই বাহুল্য । ব্ল্যাকবেরির জনপ্রিয় এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ও আইফোন ব্যবহারকারীদের সঙ্গে বিনামূল্যেই যোগাযোগ রাখার সুবিধা পাবেন তাঁরা।