অ্যান্ড্রয়েডে আগ্রহ বাড়ছে অ্যান্টি-ভাইরাস নির্মাতাদের
কম্পিউটারের জন্য নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা নামকরা প্রতিষ্ঠানগুলো অ্যান্ড্রয়েড-নির্ভর মোবাইলের জন্য অ্যান্টি-ভাইরাস তৈরিতে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। এ তালিকার শীর্ষে রয়েছে সিমানটেক, এফ-সিকিউর, ম্যাকাফি, ট্রেন্ড মাইক্রো ও ইসেট।সম্প্রতি জার্মানির গবেষণা প্রতিষ্ঠান এভি-টেস্ট মোবাইলে ম্যালওয়্যার শনাক্তকারী পণ্যগুলো নিয়ে যে গবেষণা চালিয়েছে, তাতে দেখা গেছে কম্পিউটারের জন্য নিরাপত্তা সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো এখন স্মার্টফোনের নিরাপত্তায় ব্যবহূত অ্যান্টি-ভাইরাস তৈরির ক্ষেত্রেও প্রতিযোগিতা শুরু করেছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে এভি-টেস্টের সমীক্ষায় শুধু মোবাইলের জন্য সফটওয়্যার নির্মাতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য ছিল। সেসময় ট্রাস্টগো,লুকআউট, অ্যান্টিই-এর তৈরি মোবাইল নিরাপত্তা সফটওয়্যার ছিল তালিকার শীর্ষে। তবে মোবাইল নিরাপত্তা পণ্য তৈরিতে এখন কম্পিউটারের জন্য নিরাপত্তা সফটওয়্যার নির্মাতারা বাজার দখল করে নিচ্ছে।গবেষকেরা জানিয়েছেন, মোবাইল পণ্যের জন্য অ্যান্টিভাইরাসগুলো সফলভাবেই মোবাইলের নিরাপত্তা দিতে সক্ষম। দেখা গেছে, শুধু মোবাইল অ্যান্টি ভাইরাস নির্মাতাদের তুলনায় কম্পিউটার ও মোবাইলের জন্য অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভালো করছে।