অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটির ফলে লাখো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর নানা ধরনের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর গবেষণায় দেখা গেছে, একধরনের ভাইরাস অ্যাপ এ ত্রুটির মাধ্যমে যন্ত্রে চলে যাচ্ছে, যা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। অ্যান্ড্রয়েডের ত্রুটি নিয়ে কাজ করা নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের তথ্য অনুযায়ী, এ সফটওয়্যার কোনো একটি ব্র্যান্ডের নির্মাতাদের দেওয়া, যা ব্যবহারকারী চাইলেও মুছতে পারছেন না। চেক পয়েন্টের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাবি রিয়েশ বলেন, ব্যবহারকারী যখন ত্রুটিযুক্ত এই সফটওয়্যার মুছতে পারছেন না, তার মানেই হচ্ছে এর সাহায্যে তৃতীয় কোনো পক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যন্ত্রের অবস্থানসহ নানা রকমের তথ্য চুরি করতে পারছে।

বর্তমানে অ্যান্ড্রয়েডের ললিপপ সংস্করণ চালিত নানা ব্র্যান্ডের স্মার্টফোন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করছেন লাখো ব্যবহারকারী। এ অভিযোগের ভিত্তিতে অ্যান্ড্রয়েডের নির্মাতা গুগল এবং স্মার্টফোন নির্মাতা স্যামসাং জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ত্রুটিকে দ্রুত সারাতে তারা নিয়মিতভাবেই নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করছে। গুগলের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি এবং পরবর্তী সংস্করণে যাতে এমন কিছু না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছি।’ বর্তমান ত্রুটি থেকে রক্ষা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘ভেরিফাইঅ্যাপস’ ও ‘সেফটিনেট’ নামের অ্যাপ ব্যবহারেরও অনুরোধ জানিয়েছে গুগল।
দ্য টেলিগ্রাফ