অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত হচ্ছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ২০ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হতে পারে ব্ল্যাকবেরি মেসেঞ্জার। স্যামসাংয়ের নাইজেরিয়া ইউনিটের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, প্রথম তিন মাস ব্ল্যাকবেরি মেসেঞ্জার শুধু স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে ব্যবহার করা যাবে। পরে অ্যান্ড্রয়েডনির্ভর অন্যান্য স্মার্টফোনের জন্য উন্মুক্ত হবে ব্ল্যাকবেরির জনপ্রিয় এ মেসেঞ্জার সার্ভিসটি।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে. ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ব্ল্যাকবেরি মেসেঞ্জার উন্মুক্ত করার ঘোষণা দিতে পারে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের মে মাসে ব্ল্যাকবেরি তাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ও আইফোনে বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল।
মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ব্ল্যাকবেরির প্ল্যাটফর্মগুলোতে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে স্কাইপ, হোয়াটস অ্যাপের মতো সেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
ব্ল্যাকবেরি জানিয়েছে, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডে ছাড়াও আইফোনের ডাউনলোডের জন্য শিগগিরই উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলোতে এবং আইওএস ৬ প্ল্যাটফর্মে ব্ল্যাকবেরি মেসেঞ্জার ব্যবহার করা যাবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বার্তা, ছবি পাঠানোর সুবিধার পাশাপাশি আরও বেশকিছু সুবিধা থাকছে। বিনামূল্যে ভিডিও কল, ভয়েস কলের সুবিধাও থাকবে এ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে।
বর্তমানে ছয় কোটি ব্যবহারকারী ব্ল্যাকবেরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সক্রিয়ভাবে ব্যবহার করেন।