অ্যান্ড্রয়েডের দখল নেবে মাইক্রোসফট?

ক্রমশ জনপ্রিয় হচ্ছে সাইনোজেন অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েডের কাস্টোমাইজ সংস্করণ এটি। এই ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যারের ওপর চোখ পড়েছে মাইক্রোসফটের।
ভাবছেন, মাইক্রোসফট কি তবে ওপেন সোর্স কোম্পানি হতে চলেছে? বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি। ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত কোটি মার্কিন ডলার সাইনোজেন মোডের উদ্যোক্তা প্রতিষ্ঠান সাইনোজেনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
ক্রমশ জনপ্রিয় হতে থাকা সাইনোজেন নামের উন্মুক্ত অপারেটিং সিস্টেমটিতে বিনিয়োগের ফলে এটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মাইক্রোসফট ও সাইনোজেন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু বাজার বিশ্লেষকেরা বলছেন, সাইনোজেনে বিনিয়োগের মাধ্যমে ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যারের দিকে মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ পেয়েছে। মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যারের প্রতিদ্বন্দ্বী হলেও উন্মুক্ত সফটওয়্যার প্ল্যাটফর্মকে গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট উন্মুক্ত সফটওয়্যারের দিকে ঝুঁকতে শুরু করেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন স্মার্টফোন বাজারের মাত্র ৩ শতাংশ দখল করতে পেরেছে। স্মার্টফোনের বাজার দখলে নানা মাইক্রোসফটের জন্য নানা পথ খোলা রয়েছে।
সাইনোজেন মূলত গুগলের অ্যান্ড্রয়েড সোর্স কোড কাস্টমাইজ করে তৈরি করা হয়, যা গুগলের নীতিমালা বিরুদ্ধ। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স বা উন্মুক্ত প্রকল্প হলেও এই সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার নির্মাতারা কী করতে পারবে, তা নির্ধারণ করে দেয় গুগল। গুগলের এই ছড়ি ঘোরানোর বিষয়টি অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা ও ব্যবহারকারীরা খুব একটা পছন্দ করেন না। সাইনোজেন তাই গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবেই ব্যবহার করা যায়, যাতে নতুন থিম, উন্নত প্রাইভেসি টুলের মতো ফিচার রয়েছে।
সম্প্রতি সাইনোজেন তাদের অপারেটিং সিস্টেম সরাসরি স্মার্টফোন নির্মাতাদের কাছে সরবরাহ করা শুরু করেছে। ইতিমধ্যে চীনের স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস তাদের জনপ্রিয় ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোন তৈরি করেছে সাইনোজেন দিয়ে। এ ছাড়াও ভারতের স্মার্টফোন নির্মাতা মাইক্রোম্যাক্স ও চীনের অপো সাইনোজেননির্ভর ফোন তৈরি করছে।
সাইনোজেনে বিনিয়োগের মাধ্যমে মাইক্রোসফট আরও বেশি মোবাইল গ্রাহককে টানতে পারবে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকেরা। প্রধান নির্বাহী সত্য নাদেলার অধীনে উন্মুক্ত সফটওয়্যারের দিকে বেশি ঝুঁকছে মাইক্রোসফট। ইতিমধ্যে ডটনেট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সাইনোজেনের প্রধান নির্বাহী কার্ট ম্যাকমাস্টার সম্প্রতি জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠান গুগলের আধিপত্য থেকে অ্যান্ড্রয়েডকে কেড়ে নিয়ে আরও উন্মুক্ত করে দিতে চায়। তাঁর মতে, অ্যান্ড্রয়েডের আরও উন্মুক্ত হওয়া উচিত।
কার্ট ম্যাকমাস্টার ঘোষণা দিয়েছেন, গুগলের প্লে স্টোরের মতো নিজস্ব অ্যাপ স্টোর তৈরি করবে সাইনোজেন। যদিও এখনো গুগলের ওপর সাইনোজেন কিছুটা নির্ভরশীল, তবে ভবিষ্যতে তা থাকবে না। তিন থেকে পাঁচ বছরের মধ্যে গুগল থেকে উত্পন্ন ভিন্ন একটি সফটওয়্যার হয়ে যাবে এটি।