অ্যান্ড্রয়েডের নিরাপত্তায় ব্ল্যাকবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েডকে সুরক্ষা দেবে ব্ল্যাকবেরি
অ্যান্ড্রয়েডকে সুরক্ষা দেবে ব্ল্যাকবেরি

অ্যান্ড্রয়েডের সুরক্ষায় গুগল হাত বাড়িয়েছে একসময়ের জনপ্রিয় ও নিরাপদ স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরির কাছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্ল্যাকবেরি লিমিটেড গুগল ইনকরপোরেশনের সঙ্গে চুক্তি করেছে যাতে গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারে নিরাপত্তা প্রযুক্তি সরবরাহ করবে ব্ল্যাকবেরি।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর বেশ কয়েকটি মডেলের স্মার্টফোনে ব্ল্যাকবেরির নিরাপত্তা সুবিধা যুক্ত হবে। গুগলের পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের সঙ্গেও চুক্তি হয়েছে ব্ল্যাকবেরির। এতে স্যামসাংয়ের ফোনে ব্ল্যাকবেরির নিরাপত্তা ফিচার যুক্ত হবে।
গত বছরের নভেম্বর মাসে ব্ল্যাকবেরি স্যামসাংসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার চুক্তি করেছিল। এই চুক্তির মাধ্যমে মোবাইল ডিভাইস ব্যবস্থাপনা ও নিরাপত্তা সেবার আওতা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে ব্ল্যাকবেরি।
একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি বর্তমানে স্মার্টফোনের বাজারে হারিয়ে যেতে বসেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ বাজারের দশমিক ৪ শতাংশ ব্ল্যাকবেরির দখলে রয়েছে, আর সেখানে অ্যান্ড্রয়েডের দখল ৮১ শতাংশের বেশি। অবশ্য স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড জনপ্রিয় হলেও করপোরেট গ্রাহকদের কাছে অ্যান্ড্রয়েড ততটা জনপ্রিয় নয়।
অ্যান্ড্রয়েডকে করপোরেট গ্রাহকদের কাছে জনপ্রিয় করতে ‘অ্যান্ড্রয়েড ফর ওয়ার্ক’ নামের একটি উদ্যোগ নিয়েছে গুগল। এই উদ্যোগে গুগল ব্ল্যাকবেরির সঙ্গে চুক্তি করেছে, যাতে অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত কিছু পণ্যে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সুবিধা দেবে ব্ল্যাকবেরি।
স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের পণ্যে স্যামসাংয়ের নিজস্ব নিরাপত্তা সফটওয়্যারের পাশাপাশি ব্ল্যাকবেরির বাড়তি নিরাপত্তা সুবিধা যুক্ত হতে পারে।