অ্যান্ড্রয়েডের লক্ষ্য
বর্তমানে বাজারে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জনপ্রিয়তা তুঙ্গে। গুগলের এ অপারেটিং সিস্টেমটি এখন স্মার্টফোন ছাড়াও অন্যান্য প্রযুক্তিপণ্যে ব্যবহূত হচ্ছে। তবে অ্যান্ড্রয়েড নির্মাতাদের ভাষ্য, স্মার্টফোনের কথা ভেবে অ্যান্ড্রয়েড তৈরি করা হয়নি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য ছিল ভিন্ন। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।অ্যান্ড্রয়েড ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিন জানিয়েছেন, ক্যামেরায় ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল। পরে তা স্মার্টফোনের উপযোগী করা হয়।জাপানের টোকিওতে অনুষ্ঠিত নিউ ইকোনমিক সামিটে রুবিন বলেন, ক্যামেরার জন্য যে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল, সেটিই এখন স্মার্টফোনগুলোতে ব্যবহূত হচ্ছে। এটা ২০০৪ সালের ঘটনা। পরে ক্যামেরার জন্য অ্যান্ড্রয়েড আনার পরিকল্পনা বাতিল করে তখনকার সম্ভাব্য বাজার স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হয়। কারণ, ওই সময় ডিজিটাল ক্যামেরার বাজার ছিল অনেক ছোট। তখন অপারেটিং সিস্টেমের বাজারে নকিয়ার সিমবিয়ান ও মাইক্রোসফটকে প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়েছিল।২০০৫ সালে গুগলের অধীনে চলে আসে অ্যান্ড্রয়েড। বর্তমানে ৭৫ কোটি মোবাইল পণ্যে অ্যান্ড্রয়েড ব্যবহূত হচ্ছে।স্মার্টফোনের পাশাপাশি স্যামসাংয়ের গ্যালাক্সি ক্যামেরা ও নিকনের কুলপিক্স ক্যামেরায় বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে।