অ্যান্ড্রোয়েডের জনপ্রিয়তা বাড়ছে
গুগলের জনপ্রিয় মোবাইল মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের জনপ্রিয়তা বেড়েই চলছে। গবেষণা প্রতিষ্ঠান ইনফরমার মতে, ২০১৫ সালের মধ্যে অ্যান্ড্রোয়েডচালিত ফোনের ব্যবহারকারীর সংখ্যা হবে প্রায় ৫০ কোটি! আর ২০১৩ সালের মধ্যেই অ্যান্ড্রোয়েডচালিত ফোনের সংখ্যা হবে ১০০ কোটি! স্মার্টফোনের অপারেটিং সিস্টেম তৈরি প্রতিষ্ঠান গুগল, রিম, অ্যাপল এবং মাইক্রোসফটের তুমুল প্রতিযোগিতার মধ্যে এগিয়ে আছে অ্যান্ড্রোয়েড। মোবাইল ফোন বাজার বিশেষজ্ঞ মালিক কামাল বলেন, বাজারে গত বছরে সিমবিয়ান অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের সংখ্যা ছিল শতকরা ৫৩ ভাগ, যা ২০১৫ সালে কমে হবে শতকরা ৩২ ভাগ। এর ফলে সিমবিয়ান চালিত নকিয়া ফোনগুলো কিছুটা পিছিয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে নকিয়াকে সিমবিয়ানের বদলে মুক্ত অপারেটিং সিস্টেমের জগতে প্রবেশ করলে ভালো করতে পারবে বলে জানান তিনি। স্মার্টফোনের জগতে নকিয়ার অবস্থান বেশি শক্ত না হলেও বিশেষজ্ঞদের মতে, বাজারে টিকে থাকতে হলে অ্যান্ড্রোয়েডের জগতে আসার বিকল্প নেই। এখন নকিয়ার সিদ্ধান্তই দেখার পালা।—দি টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী