অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে তথ্য ফাঁস
মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন বর্তমান বিশ্বজুড়ে ব্যবহূত হচ্ছে। আর এই ওএসের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে গবেষণার তথ্যসহ নানা বিষয় সংরক্ষণ করছে। তবে সম্প্রতি জানা গেছে, এসব অ্যাপস থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে! এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞানীরা প্রায় ১৩ হাজার ৫০০ অ্যান্ড্রয়েড অ্যাপস পরীক্ষা করেন, যার মধ্যে প্রায় ৮ শতাংশ অ্যাপস ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সক্ষম নয়। মূলত ভুয়া ওয়াই-ফাই অঞ্চল তৈরি করে বিভিন্ন ধরনের তথ্য চুরি হয়। এর মাধ্যমে অনলাইন ব্যাংকিং তথ্য, ই-মেইল সেবা ইত্যাদিও চুরি হওয়ার আশঙ্কা করা হয় গবেষণায়। গবেষণার এ বিষয়ে ইতিমধ্যে অ্যান্ড্রয়েড তৈরি প্রতিষ্ঠান গুগলকে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে সাধারণ ব্যবহারকারীদের যেকোনো ধরনের অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকেরা। তাঁদের মতে, যেসব অ্যাপস সাধারণত ব্যক্তিগত তথ্য (যেমন: অনলাইন ব্যাকিংয়ের তথ্য, ই-সেবাবিষয়ক তথ্য) দিতে হয়, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে অধিক সতর্ক হতে হবে। সবচেয়ে ভালো হয় এ ধরনের তথ্যগুলো না দেওয়া। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম