অ্যান্ড্রয়েড অ্যাপে কারমুডি

দেশের গাড়িপ্রেমীদের নতুন এক অভিজ্ঞতা দিতে সম্প্রতি গাড়ি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম কারমুডি তৈরি করেছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এ অ্যাপ্লিকেশনটির সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে কেনাবেচার জন্য পছন্দের যানবাহন খুঁজে দেখতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে কারমুডি দাবি করেছে, বর্তমানে কারমুডি সাইটে ২০ লাখেরও বেশি যানবাহনের বিজ্ঞাপন রয়েছে যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে ১৫ হাজারের বেশি গাড়ির বিজ্ঞাপন।
এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর ২০টি দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের সুবিধার জন্য ৯টি ভাষায় পাওয়া যাবে কারমুডির এই অ্যাপটি, যার মধ্যে বাংলা অন্যতম ।
কারমুডির গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর স্টিফেন হাবল্ড বলেন, গাড়ির বিশাল বিজ্ঞাপনের সংগ্রহ গ্রাহকদের হাতের মুঠোয় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। ব্যবহারকারীরা তাদের স্বপ্নের গাড়ি এখন মোবাইল ফোনের অ্যাপ দিয়ে খুঁজে নিতে পারবেন। মোবাইল ইন্টারনেটের যুগে কারমুডির অ্যাপটি গাড়ি ক্রেতাদের জন্য যথেষ্ট সহায়ক হবে।
কারমুডির কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাতে সহজেই প্রয়োজনীয় গাড়ি খুঁজে পাওয়া যায় সে সুবিধা এনেছে কারমুডি। ক্রেতারা যেন তাদের নিকটস্থ শো রুম সম্পর্কে জানতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে অ্যাপটিতে। বাংলা সংস্করণ থেকে সহজেই তথ্য জানার ও ফিল্টারের সুবিধা রয়েছে। অ্যাপ ব্যবহারকারীরা ইচ্ছামতো ব্র্যান্ড, মডেল, বানানোর সময়, মূল্য, সার্চ ফিল্টারগুলো প্রয়োগ করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে কারমুডির অ্যাপটি ডাউনলোড করা যাবে।