অ্যান্ড্রয়েড-আইফোনে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইলফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি এবার নিজেদের জনপ্রিয় ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার (বিবিএম) সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত স্মার্টফোনের জন্য উন্মুক্ত করছে। সম্প্রতি ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ও আইফোনে বিনা মূল্যে বিবিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে বিবিএম ব্যবহারের সুযোগ দিয়ে স্কাইপ ও হোয়াটস আপ অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। খুব শিগগির অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা বিবিএম ব্যবহারের সুযোগ পাবেন।বিবিএমের মাধ্যমে বার্তা ও ছবি পাঠানোর সুবিধার পাশাপাশি থাকছে বিনা মূল্যে ভিডিও কল ও ভয়েস কল করার সুবিধা। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স বলেন, ‘বর্তমানে প্রায় ছয় কোটি ব্যবহারকারী বিবিএম ব্যবহার করছেন। আমরা আশাবাদী, অন্য প্ল্যাটফর্মগুলোয় এ সুবিধা পেলে এর ব্যবহারকারী আরও বাড়বে।’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আইসক্রিম স্যান্ডউইচ ও এর পরবর্তী সংস্করণ এবং আইওএসের ক্ষেত্রে ৬ ও এর পরবর্তী সংস্করণের ব্যবহারকারীরা বিবিএম ব্যবহার করতে পারবেন। তবে নিজেদের জনপ্রিয় এ সুবিধা কেন অন্যদের প্ল্যাটফর্মে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, সে বিষয়টি নিয়ে রয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, এতে করে ব্ল্যাকবেরির স্মার্টফোন বিক্রিতে বড় একটি প্রভাব পড়তে পারে; যদিও এতে দ্বিমত রয়েছে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহীর। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা স্মার্টফোনের সঙ্গে টিকে থাকতে নানা ধরনের উদ্যোগের মধ্যে এটি একটি বলে মনে করছে ব্ল্যাকবেরি। নতুন এ সুবিধার ফলে বিবিএম ব্যবহার করে ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে বিনা মূল্যে যোগাযোগ রাখতে পারবেন। এটি ব্যবহারকারীদের জন্য সুখবরই বটে। —বিবিসি অবলম্বনে কাজী আলম