অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের চুরি ঠেকাতে 'কিল সুইচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সার্চ ইঞ্জিন গুগলের তৈরি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের উইন্ডোজ চালিত স্মার্টফোনের চুরি রোধে এবার যুক্ত হচ্ছে ‘কিল সুইচ’। সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গুগল ও মাইক্রোসফট। মূলত স্মার্টফোন চুরি রোধ এবং চুরি করা স্মার্টফোনের তথ্য বেহাত হওয়া থেকে রক্ষা পেতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ সুইচ ব্যবহারের ফলে প্রিয় স্মার্টফোনটি চুরি গেলেও কোনো ক্ষতি হবে না ব্যবহারকারীর। ক্রমাগত প্রিয় স্মার্টফোন চুরি ঠেকাতে অনেক ব্যবহারকারীই স্মার্টফোন নির্মাতা বড় প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন জানান। এবার এসব আবেদনের ব্যাপারে উদ্যোগী হয়ে গুগল ও মাইক্রোসফটের এমন উদ্যোগ ইতিমধ্যে ব্যবহারকারীদের একধরনের স্বস্তি এনে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্মার্টফোন চুরি বিষয়ে প্রকাশিত এক তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রে মোবাইল চুরি হয়েছে ৩১ লাখ, যা আগের বছরের দ্বিগুণ। এ ছাড়া ইউরোপের প্রতি তিনজনের মধ্যে একজন গত বছর মোবাইল ফোন হারিয়েছেন। দক্ষিণ কোরিয়া ২০০৯ সাল থেকে বর্তমানে মোবাইল ফোন চুরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ গুণ বেশি। এ ছাড়া কলম্বিয়ায় গত বছর প্রায় ১০ লাখ মোবাইল চুরি হয়েছে। এমন পরিসংখ্যানগুলোর দিকে নজর দিয়েই কিল সুইচ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবহারকারী ছাড়া অন্য কারও কাছে স্মার্টফোন গেলেও সেটি ব্যবহার-অনুপযোগী হয়ে পড়বে। ইতিমধ্যে অ্যাপলের আইওএস ৭ অপারেটিং সিস্টেমে শক্ত এবং দুবারের লক সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে আইফোন চুরি অনেকটাই কমেছে বলে দাবি নির্মাতাদের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত পাঁচ মাসে নিউইয়র্ক শহরে আইফোন চুরির হার ১৭ শতাংশ, যা এর আগে লন্ডনে ছিল ২৪ শতাংশ এবং সানফ্রান্সিসকোতে ছিল ৩৮ শতাংশ। তবে সব মিলিয়ে স্মার্টফোন নির্মাতাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ব্যবহারকারীরা। —বিবিসি অবলম্বনে কাজী আলম