অ্যান্ড্রয়েড চলবে ইন্টেল প্রসেসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চলবে ইন্টেল প্রসেসরে। এ বিষয়ে সম্প্রতি ইন্টেল করপোরেশন এবং গুগল ইনকরপোরেটেডের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটি ইন্টেল প্রসেসর-চালিত মোবাইল ফোনের জন্য অ্যান্ড্রয়েড সফটওয়্যারের নতুন সংস্করণ তৈরি করবে। চুক্তিটি এমন এক সময়ে হয়েছে, যখন বিশ্ববাজারে কম্পিউটার বিক্রির পরিমাণ কমে গেছে এবং নতুন প্রযুক্তির স্মার্টফোন ও স্পর্শকাতর পর্দা সুবিধার ট্যাবলেট কম্পিউটার বাজারে বেশ জনপ্রিয়। আর তাই চুক্তিটিকে ভালো কিছু হওয়ার ইঙ্গিত বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। ইন্টেলের চিপ দিয়ে তৈরি প্রথম অ্যান্ড্রয়েড ফোন আগামী বছরের মাঝামাঝিতে বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে জানানো হয়েছে। মোবাইল ফোন এবং প্রযুক্তি বাজারে ইন্টেল এবং গুগল দুটিই সেরা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যারটি অ্যাপলের আইওএস, মাইক্রোসফট এবং রিসার্চ ইন মোশনের অপারেটিং সিস্টেমকে ছাড়িয়ে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে আছে। অন্যদিকে কম্পিউটারের জন্য বিশ্বের শীর্ষ মাইক্রোপ্রসেসর নির্মাতা ইন্টেল নতুন নতুন মোবাইল ও ট্যাবলেট কম্পিউটারে পিছিয়ে আছে। আর তাই দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি, যার মাধ্যমে নতুনভাবে এগিয়ে যাবে এ খাতের উন্নয়ন। দুটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বসেরা প্রযুক্তি গবেষকেরা। তাঁদের মতে, দুটি প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করলে বাজারে নিজেদের অবস্থান যেমন শক্ত হবে, তেমনি সুবিধা পাবে ব্যবহারকারীরা। —টাইমস অব ইন্ডিয়া