অ্যান্ড্রয়েড ছাড়ছে মাইক্রোম্যাক্স!

মাইক্রোসফট, স্যামসাং আর চীনের শিয়াওমির পথেই হাঁটতে যাচ্ছে ভারতের মাইক্রোম্যাক্স। নিজস্ব অপারেটিং সিস্টেম, বিভিন্ন সেবা ও অ্যাপ তৈরি করবে প্রতিষ্ঠানটি যা মাইক্রোম্যাক্সের তৈরি মোবাইল ফোন, ট্যাব, টিভি ও পরিধেয় প্রযুক্তিপণ্যে চলবে। বর্তমানে বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় নিজেদের আলাদা করে গ্রাহকের কাছে তুলে ধরতে ভিন্নপথে হাঁটছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোম্যাক্সের কারিগরি বিভাগের প্রধান আশিস আগারওয়াল জানিয়েছেন, মাইক্রোম্যাক্সের তৈরি অপারেটিং সিস্টেমটি হবে ‘ফর্ক অ্যান্ড্রয়েড’। অর্থাৎ, এটি গুগলের ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের কাস্টোমাইজ সংস্করণ হবে।
প্রসঙ্গত, এর আগেও মাইক্রোম্যাক্স তাদের একটি সহযোগী প্রতিষ্ঠানের অধীনে কাস্টোমাইজ অ্যান্ড্রয়েড ভিত্তিক সাইনোজেন ওএস নির্ভর ইয়ু ব্র্যান্ডের ফোন বাজারে এনেছিল।
মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা বিকাশ জৈন বলেন, ‘এ বছরের শেষ নাগাদ নতুন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে ছাড়বে মাইক্রোম্যাক্স। নতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যাবে। তবে এই নতুন অপারেটিং সিস্টেম তৈরি করলেও গুগলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। আমরা গ্রাহকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে কাজ করব।’
প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের প্রধান আশিস আগারওয়াল বলেন, অ্যাপল, মাইক্রোসফট ও শিয়াওমি বিভিন্ন প্ল্যাটফর্মে নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। আন্তর্জাতিকভাবে তারা যা করছে সেটাই ভারতে নিয়ে আসছে। কিন্তু মাইক্রোম্যাক্স ভারতীয় বাজার সম্পর্কে জানে এবং সে অনুযায়ী সেবা দিতে কাজ করবে।
বর্তমানে ভারতের বাজারে দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড মাইক্রোম্যাক্স। সারা বিশ্বে স্মার্টফোন বিক্রির হিসেবে গার্টনারের করা তালিকায় শীর্ষ ১০ নম্বরে উঠে এসেছে ভারতের এই প্রতিষ্ঠানটি।
গার্টনার বলছে, সব ধরনের ফোনের বিক্রি মিলিয়ে ১৯ দশমিক নয় শতাংশ বাজার দখলে রেখে মোবাইল ফোনের বাজারে এখন শীর্ষে রয়েছে স্যামসাং। অ্যাপলের দখলে দশ দশমিক আট শতাংশ, মাইক্রোসফটের দখলে ছয় দশমিক দুই শতাংশ, হুয়াইয়ের দখলে পাঁচ দশমিক নয় শতাংশ, এলজির দখলে চার শতাংশ, লেনোভোর দখলে তিন দশমিক সাত শতাংশ, শিয়াওমির দখলে তিন দশমিক ছয় শতাংশ, টিসিএলের দখলে তিন দশমিক পাঁচ শতাংশ এবং মাইক্রোম্যাক্সের দখলে দুই দশমিক দুই শতাংশ।