অ্যান্ড্রয়েড ফোন আর বানাবে না মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন যখন নকিয়ার মোবাইল বিভাগ অধিগ্রহণ করে, তখন কেউ হতাশ হয়েছে, কেউবা আশাবাদী। এর পরেই নকিয়ার পক্ষ থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা আসে। গত ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যান্ড্রয়েডভিত্তিক নকিয়া এক্স সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে ছাড়ে নকিয়া। এই স্মার্টফোনগুলো অনেককে আশাবাদী করলেও সম্প্রতি অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন তৈরি বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তবে বর্তমানে বাজারে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো বিক্রি করা কিংবা বিক্রয়োত্তর সেবা দেওয়া বন্ধ হবে না বলে জানা গেছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা আগামী বছরের মধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের সিংহভাগই নকিয়ার কর্মী। এর পরপরই মাইক্রোসফটের পক্ষ থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন তৈরি বন্ধের ঘোষণা আসে।
উইন্ডোজ ফোনের মতো অপারেটিং সিস্টেম থাকার পরেও অ্যান্ড্রয়েড অবলম্বন করা সময়ের দাবি হয়ে পড়েছিল। মূলত স্বল্প আয়ের মানুষদের জন্যই নকিয়া এক্স সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়া হয়। ১৭ জুলাই এক ই-মেইল বার্তায় মাইক্রোসফটের মোবাইল বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী স্টিফেন ইলোপের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি বন্ধের ঘোষণা তাই অনেককে বিস্মিত করেছে। উইন্ডোজ ফোনভিত্তিক লুমিয়া সিরিজের স্মার্টফোনের বিক্রি বাড়ানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্টিফেন ইলোপ।
—বিবিসি অবলম্বনে মেহেদী হাসান