অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফট অফিস সফটওয়্যার

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে অফিস সফটওয়্যার উন্মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ করল মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফট তার ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম প্রতিদ্বন্দ্বী গুগলের অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের জন্য উন্মুক্ত করেছে। খবর এএফপির।
গুগলের অনলাইন প্লে স্টোরে মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় এই সেবাগুলোর অ্যাপ পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
ইন্টারনেট ক্লাউডের এই যুগে বিভিন্ন পণ্যে তাঁদের সফটওয়্যারের ব্যবহার বাড়াতে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে মাইক্রোসফট। সে পরিকল্পনার অংশ হিসেবেই অ্যান্ড্রয়েডে অফিস সফটওয়্যার অ্যাপ হিসেবে উন্মুক্ত করল প্রতিষ্ঠানটি।
এখন থেকে মাইক্রোসফটের তৈরি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন, ট্যাবের পাশাপাশি অ্যাপলের আইফোন ও আইপ্যাডেও ব্যবহার করা যায়।
মাইক্রোসফটের অফিস টিমের করপোরেট ভাইস প্রেসিডেন্ট কার্ক কোয়েনিগসবার এক ব্লগ পোস্টে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি নতুন ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েডে সহজলভ্য হবে।
নতুন এই অ্যাপ্লিকেশনগুলো আগে উন্মুক্ত করা অফিস অ্যাপসের সঙ্গে যুক্ত হবে এবং বিশ্বজুড়ে লাখো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে অফিসের উন্নত অভিজ্ঞতা দেবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ আশা করছে, প্রধান মোবাইল প্ল্যাটফর্মগুলোতে এ ধরনের অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার ফলে মানুষ অনলাইন অফিস ৩৬৫ সেবা সাবস্ক্রাইব করতে উৎসাহী হবে।
প্লে স্টোরে অফিস অ্যাপ ডাউনলোডের ঠিকানা https://goo.gl/spptBe