অ্যান্ড্রয়েড মোবাইল সুরক্ষায় ক্যাসপারস্কি এগিয়ে

অ্যান্ড্রয়েড মোবাইল পণ্যের জন্য ক্যাসপারস্কির তৈরি করেছে ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড’। প্রতিষ্ঠানটির দাবি, এ বছরের জানুয়ারিতে পিসি সিকিউরিটি ল্যাবস কর্তৃক পরিচালিত ‘অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ডিটেকশন টেস্টে’ অন্যান্য প্রতিষ্ঠানের ইন্টারনেট সিকিউরিটি পণ্যের তুলনায় ম্যালওয়্যার সুরক্ষায় এগিয়ে রয়েছে ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কি ল্যাবের দাবি, তাদের ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারটি ৯৯.৯ শতাংশ ক্ষেত্রে সুরক্ষা দিতে সক্ষম হয়েছে।
ক্যাসপারস্কির গবেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু জনপ্রিয় অ্যান্ড্রয়েড পণ্য ব্যবহারের অসুবিধাও তৈরি হচ্ছে। সাইবার দুর্বৃত্তরা এখন অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যে আক্রমণ চালিয়ে তথ্য ও অর্থ চুরিসহ নানা অপকর্ম করছে। মোবাইলে এসএমএস প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল পণ্যে ম্যালওয়্যার ছড়াচ্ছে। অথচ অনেকেই মোবাইল পণ্যে নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করতে চান না।
অ্যান্ড্রয়েড মোবাইল সুরক্ষায় কার্যকর নিরাপত্তা পণ্য হিসেবে সিকিউরিটি ল্যাবস বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ১২টি সফটওয়্যার নিয়ে পরীক্ষা চালিয়েছে। দুই হাজার ২০০ ম্যালওয়্যারের ওপর পরীক্ষা চালিয়ে ক্যাসপারস্কি সবচেয়ে ভালো করেছে বলেই দাবি করেছে ক্যাসপারস্কি ল্যাব।