অ্যান্ড্রয়েড ম্যালওয়ার ‘ব্যাডনিউজ’!
‘ব্যাডনিউজ’ নামের একটি ছদ্মবেশি ম্যালওয়্যার সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের তটস্থ করে রেখেছিল। গবেষকেরা জানিয়েছে, অ্যান্ড্রয়েডে ‘ব্যাডনিউজ’-এর মতো নতুন নতুন ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে।গুগলের অ্যাপ্লিকেশন স্টোর ‘গুগল প্লে’তে ছড়িয়ে পড়েছিল ‘ব্যাডনিউজ’। ছদ্মবেশি এ ম্যালওয়্যারটি স্মার্টফোন থেকে এসএমএস পাঠানোর ভনিতায় অর্থ হাতিয়ে নিতে সক্ষম ছিল। এছাড়াও এ ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েডে ইনস্টল করা হলে ভূয়া সংবাদ, বিজ্ঞাপন দেখিয়ে প্রতারণা করছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।অবশ্য গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্যাডনিউজ’ ম্যালওয়্যারটি এর মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।এদিকে মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউটের গবেষকেরা দাবি করেছেন, গুগল প্লে স্টোরে তাঁরাই প্রথম ‘ব্যাডনিউজ’ নামের ম্যালওয়্যারটির সন্ধান পেয়েছিলেন। এটি নতুন ধরনের একটি ম্যালওয়্যার। এ ম্যালওয়্যারটি গুগল প্লে স্টোরের ৩২ টি অ্যাপ্লিকেশনে আক্রমণ করেছিল এবং এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপ্লিকেশন ৯০ লাখবারেরও বেশিবার ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা।একটি ব্লগ পোস্টে লুকআউটের গবেষকেরা জানিয়েছেন, ‘ব্যাডনিউজ’ বুঝতে পেরে গুগল এ ম্যালওয়্যারটি সরিয়ে ফেলেছে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছে।