অ্যান্ড্রয়েড ললিপপ!

ললিপপ! বাজার-বিশ্লেষকেদের ধারণা সত্যি হলে, এবারে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম ‘ললিপপ’ হতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামের ক্ষেত্রে কিছুটা চমক রাখে গুগল। এর আগে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণের ক্ষেত্রে জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন নাম রেখেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নাম কিটক্যাট। ফোর্বস অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আজ ২৫ জুন থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে শুরু হওয়া ‘গুগল আই/ও ২০১৪’ নামের দুই দিনের ডেভেলপার সম্মেলনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের ঘোষণা দিতে পারে গুগল।
এর আগের কয়েকটি সম্মেলনে স্মার্টফোন ও ট্যাবলেটকে বেশি গুরুত্ব দিয়েছিল গুগল। কিন্তু এবারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে বেশি গুরুত্ব দিচ্ছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি। এবারের অ্যান্ড্রয়েড সংস্করণটি স্মার্টগাড়ি, বাড়ি ও ঘড়ি সমর্থন করবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক ক্রেস্ট নামের বাজার গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক ইভান উইলসনের ধারণা, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটিকে ‘ললিপপ’ বলা হতে পারে যা স্মার্টওয়াচ ও স্মার্ট হোম সিস্টেমে ব্যবহূত হবে। এ ছাড়াও অ্যাপলের সম্প্রতি ঘোষিত আইওএস অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে হেলথকিট ও হোমকিটের প্রতিও গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: কিটক্যাট অ্যান্ড্রয়েড